Recipe: ভাতের পাতে থাকুক মাংসের বিরিঞ্চি, শিখেনিন রান্নার সেরা পদ্ধতি

ছুটির দিন বা রবিবার দুপুরে বড় আলু দিয়ে লাল ঝোল মাংস বাঙালির কাছে এক বিশেষ আকর্ষণ। কিন্তু গতানুগতিক পদ থেকে বেরিয়ে যদি নতুন কিছু তৈরি করতে চান, তবে ঠাকুরবাড়ির হারিয়ে যাওয়া পদ ‘মটনের বিরিঞ্চি’ হতে পারে আপনার জন্য আদর্শ। এই পদটি স্বাদে যেমন দুর্দান্ত, তেমনি এটি পরিবেশন করলে প্রশংসাও মিলবে।

এই রান্নার বিশেষত্ব হলো, মাংস ভেজে তারপর মশলা দিয়ে কষানো হয়, যা এর স্বাদকে বহুগুণ বাড়িয়ে তোলে। চাইলে মাটনের বদলে একই পদ্ধতিতে চিকেনও ব্যবহার করা যায়। নিচে রইল সেই হারিয়ে যাওয়া পদ ‘বিরিঞ্চি’ তৈরির সহজ রেসিপি।

উপকরণ:

  • ৫০০ গ্রাম মাংস (মাটন বা চিকেন)
  • ২টি মাঝারি মাপের আলু (দু’টুকরো করে কাটা)
  • ২টি বড় পেঁয়াজ (কুচিয়ে নেওয়া)
  • ১ চামচ আদা-রসুন বাটা
  • ১ চামচ পেঁয়াজ বাটা
  • ১ চামচ জিরে গুঁড়ো
  • ১ চামচ ধনে গুঁড়ো
  • ১ চামচ গরম মশলার গুঁড়ো
  • ২টি তেজপাতা
  • ৪-৫টি এলাচ
  • ২টি দারচিনি
  • ৬-৭টি লবঙ্গ
  • ৩-৪টি কাঁচালঙ্কা
  • ২ চামচ ঘি
  • আধ কাপ টক দই
  • সর্ষের তেল, নুন (স্বাদমতো)

প্রস্তুত প্রণালী: ১. প্রথমে মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। ২. এবার মাংসের মধ্যে টক দই, আদা-পেঁয়াজ-রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং পরিমাণ মতো নুন মিশিয়ে ২-৩ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। সময় থাকলে সারা রাত ম্যারিনেট করলে স্বাদ আরও ভালো হবে। ৩. একটি কড়াইতে তেল বা ঘি গরম করে তাতে তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে হালকা করে ভেজে নিন। ৪. এরপর ম্যারিনেট করা মাংস কড়াইয়ে দিয়ে ভালোভাবে কষাতে থাকুন। যখন মাংস থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন আরও ৪-৫ মিনিট কষান যাতে মাংস ভালো করে ভাজা হয়। ৫. এবার কেটে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। ৬. পরিমাণ মতো জল দিয়ে কড়াইটি ঢেকে দিন। মাংস ও আলু সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে গরম মশলার গুঁড়ো ও সামান্য ঘি ছড়িয়ে নামিয়ে নিন। ৭. চাইলে রান্নার শেষে পেস্তা বাদাম বাটা এবং কিশমিশ যোগ করে বিরিঞ্চির স্বাদ আরও বাড়ানো যেতে পারে।

ছুটির দিনে এই বিশেষ পদটি রান্না করে পরিবারের সঙ্গে উপভোগ করতে পারেন।