পুনর্নির্মাণের জন্য বাড়ি ছেড়ে ভাড়া ফ্ল্যাটে আমির খান, মাসিক ভাড়া জানলে চোখ কপালে উঠবে!

বলিউডের তারকা অভিনেতা আমির খান মুম্বইয়ের বান্দ্রা এলাকায় চারটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন। সম্পত্তির রেজিস্ট্রেশন নথি অনুযায়ী, পালি হিলের উইলনোমনা অ্যাপার্টমেন্ট সোসাইটিতে অবস্থিত এই ফ্ল্যাটগুলোর জন্য তাঁকে মাসিক ২৪.৫ লক্ষ টাকা ভাড়া দিতে হবে।

আমির খানের এই পদক্ষেপের মূল কারণ তাঁর বর্তমান আবাসনের পুনর্নির্মাণ। তিনি যে ভার্গো কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে থাকেন, তার প্রায় ১২টি অ্যাপার্টমেন্ট এখন পুনর্নির্মাণের জন্য প্রস্তুত। এই প্রকল্পের দায়িত্বে রয়েছে অ্যাটমোস্ফিয়ার রিয়েলটি, যা ওয়াধওয়া গ্রুপ, এমআইসিএল এবং চন্দক গ্রুপের একটি যৌথ উদ্যোগ। পুনর্নির্মাণের পর এই বিল্ডিংটিতে অত্যন্ত বিলাসবহুল সি-ফেসিং অ্যাপার্টমেন্ট তৈরি হবে, যার দাম প্রতি বর্গফুট ১ লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে। কিছু ইউনিটের দাম ১০০ কোটি টাকারও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আমির খান যে উইলনোমনা সোসাইটিতে ফ্ল্যাট ভাড়া নিয়েছেন, সেটি শাহরুখ খানের বাংলো ‘মন্নত’-এর মেরামত কাজের জন্য তার অস্থায়ী বাড়ি পূজা কাসা থেকে প্রায় ৭৫০ মিটার দূরে অবস্থিত।

আমির খান উইলফ্রেড অ্যান্থনি জোস পেরেইরা নামে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ বছরের জন্য (২০২৫ সালের মে থেকে ২০৩০ সালের মে পর্যন্ত) এই চারটি অ্যাপার্টমেন্ট লিজ নিয়েছেন। নথিতে দেখা গেছে, এই চুক্তিতে ৪৫ মাসের লক-ইনের একটি ধারাও রয়েছে। দুটি লেনদেন ২০ মে, ২০২৫ তারিখে নিবন্ধিত হয়েছিল, যার জন্য ৪ লক্ষ টাকারও বেশি স্ট্যাম্প ডিউটি এবং ২,০০০ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া হয়েছে।

নথি অনুযায়ী, চারটি অ্যাপার্টমেন্টের জন্য মোট সিকিউরিটি ডিপোজিট ১.৪৬ কোটি টাকারও বেশি। মাসিক ভাড়া প্রতি বছর ৫ শতাংশ হারে বাড়বে।
বান্দ্রার পালি হিল মুম্বইয়ের অন্যতম বিলাসবহুল এলাকা, যেখানে অসংখ্য বলিউড তারকা ও বিত্তশালী ব্যক্তিরা থাকেন। এই এলাকায় বিলাসবহুল অ্যাপার্টমেন্টগুলির দাম প্রতি বর্গফুটে ৮০,০০০ টাকা থেকে ১.৩০ লক্ষ টাকা পর্যন্ত। আমির খান ছাড়াও শাহরুখ খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, দিলীপ কুমার, জ্যাকি শ্রফ এবং সঞ্জয় দত্তের মতো অনেক বিখ্যাত বলিউড ব্যক্তিত্ব এই অঞ্চলে সম্পত্তির মালিক।

প্রসঙ্গত, ২০২৪ সালে আমির তাঁর নতুন প্রেমিকা গৌরীকে সকলের সামনে এনেছিলেন। এখন দেখার, তিনি গৌরীর সঙ্গে নতুন করে সংসার পাতেন কি না।