‘আর চুপ থাকতে পারলাম না’, সহ-অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক দিতিপ্রিয়া রায়ের দীর্ঘ পোস্ট

টলিপাড়ার জনপ্রিয় মুখ এবং বর্তমানে এক জনপ্রিয় ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করা দিতিপ্রিয়া রায় এবার তাঁর সহ-অভিনেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। নাম না করেই তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে, তাঁর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। সাধারণত ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আনতে পছন্দ না করলেও, এবার এক দীর্ঘ সামাজিক মাধ্যম পোস্টে অভিনেত্রী তাঁর সব অস্বস্তি ও অভিযোগ তুলে ধরলেন। গত কয়েকদিন ধরে দিতিপ্রিয়ার সহ-অভিনেতার বিভিন্ন সাক্ষাৎকারের ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই নায়িকা মুখ খুললেন।

কী লিখেছেন দিতিপ্রিয়া? তাঁর পোস্টের মূল অংশ নিচে তুলে ধরা হলো:
“গত কয়েকদিন ধরে চলতে থাকা আমাকে নিয়ে নানা রকমের স্পেকুলেশন নিয়ে আমি স্বভাবতই চুপ ছিলাম। কারণ আমি বিশ্বাস করি ‘Ignorance is bliss’। প্রথমত, একটি ছবি পোস্ট করা নিয়ে জলঘোলা শুরু। প্রোডাকশন টিম সবসময়েই আমাদের কিছু ছবি দিয়ে থাকে দু’জনকেই সমাজমাধ্যমে পোস্ট করার জন্য। আমার কো-অ্যাক্টর সেই সব ছবিই পোস্ট করেন। সেই ছবিগুলোর মধ্যে একটি আমার ব্যক্তিগতভাবে একেবারেই ভালো লাগে না। ছবিটা তিনি ডিলিট করেন। তারপর বিভিন্ন ইন্টারভিউতে বারবার বলেছেন, ‘আমার পোস্ট করা ছবিতে নাকি অনেক খারাপ ও নোংরা কমেন্ট এসেছে, তাই ও (আমি) খুব কষ্ট পেয়েছে’। কিন্তু আমি তো তার সঙ্গে কথাই বলিনি! আমি শুধুমাত্র প্রোডাকশনকে জানিয়েছিলাম, কারণ ছবিটা তাদেরই তোলা ছিল আর ছবিটা আমার দৃষ্টিতে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। আমি কোনো রকম নোংরা বা অশ্লীল কমেন্টের কথা কখনোই বলিনি এবং কেউ-ই আমার এই ছবিটি ইনঅ্যাপ্রোপ্রিয়েট লাগা কে নিয়ে সেই সময় আমায় কোনো আপত্তি জানায়নি। বরং পরবর্তীকালে বারবার শুনতে হয়েছে, আমি নাকি তাই স্পন্টেনিয়াসলি হ্যান্ডেল করতে পারি না! একটা ছবি তো, তা নিয়ে এত কিছু!”

দিতিপ্রিয়া আরও অভিযোগ করে বলেন, তাঁর সহ-অভিনেতা প্রকাশ্যে তাঁকে সম্মান ও স্নেহ করার কথা বললেও, গত এক মাস ধরে নাকি তাঁর সঙ্গে সরাসরি কথা বলা বন্ধ করে শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখেন। এর কারণ জানতে চাইলে নাকি সহ-অভিনেতা বলেছেন, “তোমার মা-কে ভয় পাই, কিন্তু তোমাকে ভীষণ সম্মান করি।” দিতিপ্রিয়ার অভিযোগের এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, একদিন তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, “ওই ইভেন্টে যাচ্ছো?” দিতিপ্রিয়া জানান, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। এরপর সহ-অভিনেতা নাকি প্রশ্ন করেন, “কেন, তুমি কি প্রেগন্যান্ট?” আরেকবার একটি এআই (AI) নির্মিত চুম্বনের ছবি তাঁকে মাঝরাতে পাঠিয়ে লেখা হয়, “বেশ হয়েছে, এটা বয়ফ্রেন্ডকে পাঠাও।” সাথে ছিল আরেকটি লাইন, “এই রাতেই ব্রেকআপ হয়ে যাবে”।

নায়িকা জানান, “এরপর আরেকদিন আমাকে মেসেজ করে বলেন, ‘আমার তোমার সঙ্গে কথা আছে, দেখো যেন তোমার মা না জানতে পারেন। কাকিমাকে আমি ভয় পাই।’ এই সব ঘটনাগুলো প্রাথমিকভাবে মজার ছলে নিয়ে থাকলেও পরবর্তীকালে আমাকে অস্বস্তিকর অবস্থায় ফেলেছে। সেটেও কিছু বিষয় নিয়ে আমার অস্বস্তি শুরু হয়েছিল। আমাদের শুটিং ফ্লোরের প্রায় সবাই এই ঘটনা জানে।” এতদিন চুপ থাকার কারণ হিসেবে দিতিপ্রিয়া বলেন, “আমার পরিবার আমাকে শেখায়নি এসব নিয়ে গণ্ডগোল করে কাজ নষ্ট করতে। আমাদের দারুণ চলতে থাকা শো’টা ব্যাহত হোক আমি চাইনি।”

দিতিপ্রিয়া শেষ করেন এই বলে, “আর চুপ থাকতে পারলাম না। কিছু মানুষ মুখ বুজে সহ্য করে গেলে, কিছু মানুষ সীমা ছাড়িয়ে যায়। আমি কখনও অন্যায়ের সঙ্গে আপস করিনি, আর করবোও না। প্রতিদিনের এই কাঁটাছেঁড়া এখন খুব একতরফা হয়ে যাচ্ছে। আমার সিরিয়ালের কো-অ্যাক্টরের আরও বেশ কয়েকটি কাজেই কো-অ্যাক্টরদের সঙ্গে নানা ভাবে সমস্যা হয়েছে বলে শোনা যায়। তবে আমার কাজ উনি শুরু থেকেই খুব অ্যাপ্রিসিয়েট করেছেন—আমিও চেষ্টা করেছি রেসিপ্রোকেট করার। আমি যাঁকে সম্মান করি, তাকে সব সময় সব জায়গায় একই রকম ভাবে সম্মান করে এসেছি, তা সোশ্যাল মিডিয়ায় হোক কিংবা সামনাসামনি। একেক জায়গায় একেক রূপ আমার নেই—এই দ্বিচারিতা আমার একেবারেই অপছন্দ।” শেষে তিনি ‘স্পন্টেনিয়াস’ হওয়া নিয়ে ‘ডাকঘর’ সিরিজের প্রচার কৌশলের উদাহরণ টেনে বলেন, “মানুষের সুবুদ্ধি হোক, এই কামনাই করি।” এই পোস্ট টলিপাড়ায় নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।