মুসৌরি ঘুরতে যাবেন বলে ঠিক করেছেন? পর্যটকদের জন্য একগুচ্ছ নতুন নিয়ম, অবশ্যই জেনেনিন

ভারতের অন্যতম জনপ্রিয় এবং মনোরম হিল স্টেশন মুসৌরি, যা ‘কুইন অফ হিলস’ নামেও পরিচিত, বর্তমানে অতিরিক্ত পর্যটকদের ভিড়ের কারণে তার প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই অপূর্ব প্রাকৃতিক পরিবেশকে সুরক্ষিত রাখতে উত্তরাখণ্ড পর্যটন বিভাগ বেশ কিছু নতুন ও কড়াকড়ি নিয়ম চালু করেছে। এই সিদ্ধান্ত ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনাল (NGT)-এর সাম্প্রতিক নির্দেশের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে।

নতুন ডিজিটাল পর্যটন পোর্টাল ও রেজিস্ট্রেশন:

মুসৌরির প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এবং পর্যটকদের ভিড় নিয়ন্ত্রণ করতে উত্তরাখণ্ড পর্যটন বিভাগ একটি নতুন ডিজিটাল পর্যটন পোর্টাল চালু করেছে। এখন থেকে মুসৌরির সমস্ত হোটেল, গেস্ট হাউস এবং হোমস্টে-কে তাদের পর্যটকদের তথ্য এই পোর্টালে নথিভুক্ত করতে হবে। এই রেজিস্ট্রেশন পর্যটকদের চেক-ইন করার সময়ই সম্পন্ন করতে হবে। এই নতুন নিয়মের মাধ্যমে পর্যটকদের আগমন রিয়েল-টাইমে ট্র্যাক করা সম্ভব হবে।

আবাসন মালিক ও পরিচালনাকারীদের জন্য নিয়মাবলী:

নতুন নিয়ম অনুযায়ী, মুসৌরির সমস্ত থাকার জায়গার মালিক বা পরিচালনাকারীদের নিম্নলিখিত তথ্যগুলো প্রদান করতে হবে:

১. তাদের সম্পত্তির সম্পূর্ণ তথ্য সরকারি পর্যটন পোর্টালে রেজিস্টার করতে হবে।
২. সম্পত্তির মালিকের নাম এবং যোগাযোগ নম্বর জমা দিতে হবে।
৩. তারা কী ধরনের আবাসন (যেমন – হোটেল, গেস্ট হাউস, হোমস্টে) সরবরাহ করছেন, তা নির্দিষ্ট করে জানাতে হবে।
৪. সম্পত্তির নাম, ঘরের সংখ্যা এবং মোট অতিথি ধারণক্ষমতা উল্লেখ করতে হবে।

এই রেজিস্ট্রেশনের পর, অতিথিরা চেক-ইন করার সঙ্গে সঙ্গেই তাদের ব্যক্তিগত তথ্য এবং আবাসন সংক্রান্ত বিবরণ পোর্টালে আপলোড করতে হবে। এর ফলে শহরে দৈনিক কতজন পর্যটক প্রবেশ করছেন, তার সঠিক হিসাব রাখা সম্ভব হবে এবং ভিড় নিয়ন্ত্রণ করা সহজ হবে।

পর্যটকদের জন্য প্রি-রেজিস্ট্রেশন ও অন্যান্য নিয়ম:

মুসৌরি ভ্রমণের পরিকল্পনা করছেন এমন পর্যটকদের জন্যেও কিছু নতুন নিয়ম থাকছে:

১. প্রি-রেজিস্ট্রেশন: ব্যস্ত মৌসুমে মুসৌরিতে যাওয়ার আগে পর্যটকদের প্রি-রেজিস্ট্রেশন করতে হতে পারে। এর জন্য একটি অনলাইন ফর্ম পূরণ করতে হবে, যেখানে পর্যটকদের নাম, যোগাযোগের তথ্য, গাড়ির নম্বর, আবাসনের তথ্য এবং সফরের তারিখ উল্লেখ করতে হবে।
২. OTP ও QR কোড: দেশীয় পর্যটকরা তাদের মোবাইলে ওটিপি (OTP) পাবেন, আর বিদেশি পর্যটকরা ইমেইলের মাধ্যমে ওটিপি পাবেন। যাচাইকরণের পর একটি কিউআর (QR) কোড তৈরি হবে, যা শহরের প্রবেশদ্বারে দেখাতে হবে।
৩. চেকপয়েন্ট স্ক্যানিং: কিমাড়ি, কেম্পটি ফলস এবং কুঠাল গেট-এর মতো গুরুত্বপূর্ণ চেকপয়েন্টগুলোতে এই কিউআর কোড স্ক্যান করা হবে এবং ANPR (Automatic Number Plate Recognition) ক্যামেরার মাধ্যমে গাড়ির তথ্য যাচাই করা হবে।

তবে এই নিয়মগুলি শুধুমাত্র ভিড়ের সময়ে কার্যকর হবে, সারা বছর নয়। গত দুই বছরে মুসৌরিতে পর্যটকদের ভিড় প্রায় দ্বিগুণ বেড়েছে, যার ফলে বড় ধরনের যানজট এবং নিরাপত্তা সমস্যা দেখা দিচ্ছে। উত্তরাখণ্ড পর্যটন বিভাগের এই নতুন ব্যবস্থাগুলি মুসৌরি ভ্রমণের পরিকল্পনায় কিছুটা প্রভাব ফেললেও, শহরের প্রাকৃতিক সৌন্দর্য এবং নিরাপত্তা রক্ষায় এটি অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।