‘আগামী ২০ বছর ওখানেই বসে থাকবেন’, সংসদে বিরোধীদের তীব্র আক্রমণ অমিত শাহের

ভারত-পাক সংঘাত এবং সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যের সময় বিরোধীদের হট্টগোলে মেজাজ হারালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার লোকসভায় বিরোধীদের উদ্দেশে তিনি তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “আগামী ২০ বছর আপনারা ওখানেই (বিরোধী আসনে) বসে থাকবেন।”

ঘটনার সূত্রপাত হয় যখন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারত-পাক সংঘাত এবং অপারেশন সিঁদুর নিয়ে বক্তব্য রাখছিলেন। সেই সময় সংঘর্ষবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অস্বীকার করার প্রসঙ্গ উঠতেই বিরোধী বেঞ্চ থেকে প্রবল হট্টগোল শুরু হয়। বিরোধীদের এই আচরণে ক্ষুব্ধ হয়ে অমিত শাহ উঠে দাঁড়িয়ে কড়া ভাষায় বলেন, “ওদের (বিরোধীদের) অন্য দেশের প্রতি বিশ্বাস আছে। কিন্তু ভারতের বিদেশমন্ত্রকের প্রতি ওদের বিশ্বাস বা আস্থা কোনওটাই নেই।” তিনি আরও যোগ করেন, “আমি ওদের দলে বিদেশের গুরুত্ব বুঝি। কিন্তু তার অর্থ এই নয় যে তারা সবকিছু সংসদে চাপিয়ে দেবেন। এই কারণেই ওরা (বিরোধীরা) ওখানে বসে। আর আগামী ২০ বছর ওখানেই বসে থাকবে।”

প্রসঙ্গত, ভারত-পাক সংঘর্ষবিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার দাবি সম্পূর্ণরূপে অস্বীকার করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, “২২শে এপ্রিল (পহেলগাঁও হামলা) থেকে ১৭ই জুন পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের কোনো কথোপকথন হয়নি।” একইসঙ্গে তিনি ভারতের কূটনৈতিক সাফল্যের কথা তুলে ধরে বলেন, “ভারতের কূটনৈতিক সাফল্যের কারণেই পাক মদতপুষ্ট ‘দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট’ বা টিআরএফকে আমেরিকা জঙ্গিসংগঠন ঘোষণা করেছে। পাকিস্তানের সঙ্গে কোনো সমঝোতা হবে না। আমরা পাকিস্তানের পরমাণু হুমকির কাছেও মাথা নত করব না।”

বিদেশমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ বক্তব্যের সময় বিরোধীদের হট্টগোল এবং এরপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কড়া প্রতিক্রিয়া সংসদের আজকের দিনের অন্যতম আলোচিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।