রাজস্থানে স্কুল ভবন ধসে ৪ শিশুর মৃত্যু, ৪০ জন শিক্ষার্থী ভেতরে আটকা পড়ার আশঙ্কা!

রাজস্থানের ঝালাওয়ার জেলার মনোহর থানার পিপলোদি সরকারি স্কুলে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। বিদ্যালয় ভবন ধসে পড়ে এখন পর্যন্ত ৪ শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, এবং আশঙ্কা করা হচ্ছে যে কমপক্ষে ৪০ জন শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, পিপলোদি সরকারি স্কুলটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এই বিষয়ে একাধিকবার কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হয়েছিল। অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় এই স্কুলটিতে।
ঝালাওয়ারের পুলিশ সুপার অমিত কুমার জানিয়েছেন, উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ১৭ জন আহত শিক্ষার্থীকে উদ্ধার করেছেন। তাদের মধ্যে ১০ জনকে ঝালাওয়ারের বড় হাসপাতালে রেফার করা হয়েছে, যাদের মধ্যে ৩-৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। অন্তত চারটি জেসিবি মেশিন ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। জেলা প্রশাসক এবং দুর্যোগ ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উদ্ধার তৎপরতার তদারকি করছেন।
রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, “জেলার প্রশাসনকে নির্দেশ দিয়েছি যাতে আহত শিশুদের চিকিৎসায় কোনো ঘাটতি না থাকে। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং কেন ভবনটি ধসে পড়লো তা খতিয়ে দেখা হবে।” তিনি আরও জানান যে, তিনি নিজে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন, যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হয়।
আহত শিশুদের প্রথমে মনোহর থানার হাসপাতালে ভর্তি করা হয়েছিল, পরে যাদের অবস্থা গুরুতর, তাদের ঝালাওয়ার জেলার বড় হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে। এনডিটিভি সূত্রে এই খবর পাওয়া গেছে। এই ঘটনা স্কুল ভবনগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।