শান্তিনিকেতনে পর্যটকদের জন্য চালু হচ্ছে হেরিটেজ ওয়াক, করা হিচ্ছে টিকিটের ব্যবস্থা

পর্যটকদের কাছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনকে নতুনভাবে তুলে ধরতে এক বড় উদ্যোগ নিয়েছে শান্তিনিকেতন কর্তৃপক্ষ। এবার থেকে প্রতি রবিবার পর্যটকদের জন্য ‘হেরিটেজ ওয়াক’-এর ব্যবস্থা করা হচ্ছে, যেখানে নির্দিষ্ট গাইডের মাধ্যমে শান্তিনিকেতনের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন দর্শনার্থীরা।
বিশ্বভারতী কর্তৃপক্ষ এই নতুন উদ্যোগের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। বুধবার বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমূলক কাজ খতিয়ে দেখেন। তিনি জানিয়েছেন, পর্যটকরা যাতে রবীন্দ্রনাথ ঠাকুরের এই পূণ্যভূমি ভালোভাবে দেখতে পারেন, সেই ব্যবস্থা করা হচ্ছে। পর্যটকদের ঘুরিয়ে দেখানোর জন্য প্রশিক্ষিত গাইডদের ব্যবস্থা করা হবে এবং বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় লিফলেট থাকবে, যেখানে বিশ্বভারতীর ঐতিহ্যবাহী জায়গাগুলোর বিবরণ দেওয়া থাকবে।
করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে বিশ্বভারতীর ক্যাম্পাসে পর্যটকদের প্রবেশাধিকার ছিল না। তবে এবার বিশ্বভারতীর প্রাঙ্গণ সম্পূর্ণরূপে খুলে দেওয়া হয়েছে। যেহেতু শান্তিনিকেতন এখন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ, তাই কর্তৃপক্ষ ইউনেস্কোর নির্দেশিকা মেনেই যাবতীয় পদক্ষেপ নিচ্ছে।
এই হেরিটেজ ওয়াকের জন্য নতুন একটি পথ তৈরি করা হচ্ছে, যা মৃণালিনী আনন্দ পাঠশালা থেকে চৈত্যবাড়ি হয়ে ছাতিমতলা পর্যন্ত বিস্তৃত হবে। এই ওয়াকের জন্য টিকিটের ব্যবস্থাও থাকবে, যদিও টিকিটের মূল্য এখনো নির্দিষ্টভাবে জানানো হয়নি। হিন্দুস্তান টাইমস সূত্রে এই খবর পাওয়া গেছে। শান্তিনিকেতনের এই নতুন উদ্যোগ পর্যটকদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।