‘War 2’ ট্রেলারে হৃতিক-এনটিআর-এর ধুন্ধুমার অ্যাকশন, নজর কাড়ল কিয়ারার চুম্বন দৃশ্য! মুগ্ধ ফ্যানেরা

অবশেষে প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত সিনেমা ‘ওয়ার ২’-এর (War 2) ট্রেলার, যা মুক্তির সঙ্গে সঙ্গেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে। ট্রেলারে অ্যাকশন হিরো হৃতিক রোশনকে (Hrithik Roshan) দেখা যাচ্ছে তাঁর চিরচেনা ধামাকাদার চরিত্রে, আর তাঁকে জোরদার টক্কর দিতে হাজির হয়েছেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর (Jr NTR)। দুই অভিনেতার এক ফ্রেমে উপস্থিতি সিনেমার উত্তেজনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

‘ওয়ার ২’-এ হৃতিক রোশনের ‘লাভ ইন্টারেস্ট’ হিসেবে দেখা মিলছে অভিনেত্রী কিয়ারা আডবাণীর (Kiara Advani)। ট্রেলারে হালকা সবুজ রঙের বিকিনিতে কিয়ারার মোহময়ী উপস্থিতি এবং হৃতিকের সঙ্গে তাঁর ঠোঁটে ঠোঁট মেলানো চুম্বনের দৃশ্য দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। এই দৃশ্যগুলি ট্রেলার মুক্তির পরপরই ভাইরাল হয়ে যায় এবং দর্শকদের মন কেড়ে নেয়।

‘ওয়ার ২’-এর ট্রেলার সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়া বিভিন্ন মন্তব্যের জোয়ারে ভরে উঠেছে। নেটিজেনরা হৃতিক এবং জুনিয়র এনটিআরকে একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন। কেউ মন্তব্য করেছেন যে, এই দুই কিংবদন্তি অভিনেতাকে একসঙ্গে দেখা মানেই এই সিনেমা ‘লেজেন্ডারি’ পর্যায়ে পৌঁছবে। আবার কেউ ‘ওয়ার ২’-কে ‘দারুণ, দুর্ধর্ষ’ বলে আখ্যা দিয়েছেন। যশরাজের এই প্রজেক্টকে কেউ কেউ তাদের অন্যতম সেরা কাজ বলে অভিহিত করেছেন, আবার কেউ কেউ হৃতিকের ‘পাওয়ার’ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সবকিছু মিলিয়ে ‘ওয়ার ২’-এর ট্রেলার নিয়ে দর্শককূলের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা যাচ্ছে।