ইন্দিরা গান্ধীকে টপকে টানা প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়লেন মোদি, সামনে শুধু নেহেরু

ভারতীয় রাজনীতিতে আজ এক ঐতিহাসিক মুহূর্তের জন্ম দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে তিনি দেশের দ্বিতীয় দীর্ঘতম সময় ধরে একটানা প্রধানমন্ত্রী থাকার নজির গড়েছেন, পিছনে ফেলেছেন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রেকর্ড। প্রধানমন্ত্রী হিসেবে একটানা ৪০৭৮ দিন ধরে দায়িত্ব পালন করে তিনি এই নতুন মাইলফলক স্থাপন করেছেন।

ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে প্রধানমন্ত্রী থাকার রেকর্ডটি এখনও জওহরলাল নেহরুর দখলে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেহরু ১৯৬৪ সাল পর্যন্ত একটানা ১৬ বছর ২৮৬ দিন এই পদে আসীন ছিলেন। নেহরুর পর দীর্ঘতম প্রধানমন্ত্রী থাকার নজির ছিল ইন্দিরা গান্ধীর। তিনি প্রথম দফায় ১১ বছর ৫৯ দিন এবং পরবর্তীতে ১৯৮০ সালের নির্বাচনে জিতে আরও ৪ বছর ২৯১ দিন প্রধানমন্ত্রী ছিলেন। অন্যদিকে, ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী পদে থাকা নরেন্দ্র মোদি বর্তমানে একটানা ১১ বছর ৬০ দিন ধরে সরকারপ্রধানের পদ সামলাচ্ছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই তার কার্যকালে একাধিক উল্লেখযোগ্য নজির গড়েছেন। তিনি ভারতের স্বাধীনতার পর জন্মগ্রহণকারী প্রথম প্রধানমন্ত্রী। এছাড়াও, প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী হিসাবে সবচেয়ে বেশি সময় ধরে সরকারপ্রধানের পদে থাকার রেকর্ডটিও তার দখলে।

ভারতের টানা প্রধানমন্ত্রী থাকার রেকর্ড:

জওহরলাল নেহরু – ১৬ বছর ২৮৬ দিন

নরেন্দ্র মোদি – ১১ বছর ৬০ দিন

ইন্দিরা গান্ধী – ১১ বছর ৫৯ দিন

মনমোহন সিং – ১০ বছর ৪ দিন

অটলবিহারী বাজপেয়ী – ৬ বছর ৬৪ দিন

এসবের পাশাপাশি, অহিন্দিভাষী রাজ্য থেকে আসা নেতা হিসাবেও তিনি দীর্ঘতম সময় ধরে প্রধানমন্ত্রী থাকার নজির স্থাপন করেছেন। কংগ্রেসের বাইরের কোনো রাজনৈতিক দলের নেতা হিসাবে তিনি টানা দুই দফা প্রধানমন্ত্রিত্ব সফলভাবে পূর্ণ করেছেন। লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া একমাত্র অকংগ্রেসি প্রধানমন্ত্রী হিসাবেও মোদি নিজের নাম ইতিহাসে খোদাই করেছেন।

তবে এই নজির গড়ার দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে নেই। বৃহস্পতিবার ইংল্যান্ডের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেই উপলক্ষে তিনি ব্রিটেনে গিয়েছেন। সেখান থেকে তিনি মালদ্বীপ সফরে যাবেন বলে জানা গেছে। এই ঐতিহাসিক অর্জন নিঃসন্দেহে মোদির রাজনৈতিক জীবনে আরও একটি উল্লেখযোগ্য অধ্যায় যোগ করল।