জনসমক্ষে মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে জোর করে ঠোঁটে চুমু যুবকের! বেঙ্গালুরুতে পুলিশের জালে অভিযুক্ত

বেঙ্গালুরুর গোবিন্দপুরা এলাকায় জনসমক্ষে এক মহিলাকে চুমু খাওয়া এবং যৌন হেনস্তার অভিযোগে মহম্মদ মারুফ সারিফ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি বেঙ্গালুরুতে মহিলাদের উপর একের পর এক এমন হামলার ঘটনা ঘটায় শহরের নারী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই মহিলা বাজার করার জন্য যাচ্ছিলেন। সেই সময় অভিযুক্ত মহম্মদ মারুফ সারিফ তাঁকে অনুসরণ করতে থাকে এবং হঠাৎ রাস্তার মাঝেই মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে। সে জোর করে মহিলার ঠোঁটে চুমু খেতে শুরু করে এবং তাঁর ঠোঁট কামড়ে দেয় বলেও অভিযোগ। এমন আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে যান ওই মহিলা এবং কোনো রকমে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। পরে বাড়িতে গিয়ে মাকে পুরো ঘটনা জানানোর পর তিনি গোবিন্দপুরা থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে যৌন হেনস্তার অভিযোগে মারুফকে গ্রেপ্তার করে।
এদিকে, গত ৬ জুন বেঙ্গালুরুতে রাস্তার মাঝে খারাপ ব্যবহার করার আরও দুটি অভিযোগ দায়ের হয়েছিল। সন্ধ্যা ৭টা নাগাদ পরিবারের সদস্যদের সঙ্গে হাঁটতে বেরনো এক মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে। কিছুক্ষণের মধ্যেই একই যুবক পার্কে ঢুকে অন্য এক মহিলাকে জোর করে জড়িয়ে ধরে এবং তাঁকে চুমু খায় বলেও অভিযোগ রয়েছে।
এছাড়াও, গত ৩ জুন বেঙ্গালুরুর একটি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে দেখা যায়, রাত প্রায় পৌনে দু’টো নাগাদ দুই তরুণী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। সেই সময় এক যুবক তাঁদের অনুসরণ করতে থাকে এবং এরই মধ্যে এক তরুণীর উপর ঝাঁপিয়ে পড়ে তাঁকে যৌন হেনস্তা করতে থাকে।
পরপর ঘটে যাওয়া এই ধরনের ঘটনাগুলি বেঙ্গালুরু শহরে নারী নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। জনসমক্ষে মহিলাদের উপর এমন আক্রমণের ঘটনা শহরের বাসিন্দাদের মধ্যে, বিশেষত মহিলাদের মধ্যে, আতঙ্ক তৈরি করেছে। পুলিশ এই ধরনের ঘটনা প্রতিরোধে কী ব্যবস্থা নিচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।