“সিরিয়াল বাড়াতে হবে বলে, রোজ গুণ্ডামি…”বাংলা সিরিয়ালের বিষয়বস্তু নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর, দিলেন কঠোর বার্তা

গতকাল ছিল বাঙালির চিরন্তন মহানায়ক উত্তম কুমারের ৪৬তম মৃত্যুবার্ষিকী। এই বিশেষ দিনে শিল্পীদের সম্মান জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সিরিয়ালের বর্তমান বিষয়বস্তু নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর বক্তব্যে উঠে এসেছে সমাজের উপর নেতিবাচক প্রভাবের আশঙ্কার কথা।

সিরিয়ালের ‘বিষ প্রয়োগ’ সংস্কৃতি নিয়ে মুখ্যমন্ত্রীর উষ্মা
মহানায়ক পুরস্কার বিতরণী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সরাসরি বাংলা সিরিয়াল নির্মাতাদের উদ্দেশে কড়া বার্তা দেন। তিনি বলেন, “বর্তমানে সিরিয়ালের বিষয়বস্তু নিয়ে ঘোর অভিযোগ। এখন সারাক্ষণ সিরিয়ালগুলোতে দেখছি— ‘এ ওকে বিষ দিচ্ছে, ও একে বিষ দিচ্ছে’। একটা পরিবারে তিনজন ঝগড়া করছে। একটা কেন্দ্রীয় চরিত্র, তো দুটো ঝগড়ুটে চরিত্র। আর বাজে বাজে জিনিসগুলো শেখাচ্ছে।”

তিনি আরও যোগ করেন, এই ধরনের বিষয়বস্তু সমাজের ছোটদের উপর খারাপ প্রভাব ফেলছে। তাঁর মতে, “এতে কিন্তু সমাজে বাচ্চারা ভুল করছে। অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।” মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন যে, এই মন্তব্য তিনি শুধুমাত্র সিরিয়ালের মালিকদের উদ্দেশ্যেই করছেন, কারণ এই পরিবর্তন আনার ক্ষমতা তাঁদের হাতেই রয়েছে, চিত্রনাট্যকারদের হাতে নয়। তিনি অনুরোধ জানান, “দয়া করে খারাপ কিছু শেখাতে যাবেন না। আর সিরিয়াল বাড়াতে হবে বলে, রোজ গুণ্ডামি। বাড়ান ভালো জিনিস দিয়ে। কত কত সুন্দর বিষয় আছে। হাসি খুশি মজা সামাজিক গল্প, এগুলো দেখান। যে গল্প আমার সংস্কৃতিতে ভালবাসে, যে গল্প মানুষের বিবেককে জাগ্রত করে, আবেগতে জাগ্রত করে সেগুলো দেখান।”

মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর
গতকাল, মহানায়কের মৃত্যুবার্ষিকীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতেও এক আবেগঘন পোস্ট করেন। তিনি লেখেন, ‘মহানায়ক উত্তমকুমার-র মৃত্যু বার্ষিকীতে তাঁকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা। আমাদের সবার মনের মণিকোঠায় আজও উত্তমকুমার বাঙালির চিরন্তন ম্যাটিনি আইডল। তাই তাঁর মৃত্যুর পর ৪৫ বছর কেটে গেলেও, তাঁর প্রতি অনুরাগ আমাদের কিন্তু এতটুকুও কমেনি।’

নিজের পোস্টে তিনি মহানায়কের প্রতি রাজ্য সরকারের সম্মান প্রদর্শনের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমি গর্বিত, সিনেমায় ও বাঙালি মননে উত্তমকুমারের অনন্য অবদানকে শ্রদ্ধা জানিয়ে আমাদের সরকারই ২০১২ সাল থেকে বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রীদের স্বীকৃতি জানানোর জন্য মহানায়ক সম্মান পুরস্কার চালু করেছে। আমি রেলমন্ত্রী থাকাক সময়ই টালিগঞ্জ মেট্রো রেলস্টেশনের নাম পাল্টে রাখা হয় ‘মহানায়ক উত্তমকুমার’। তাঁর নামাঙ্কিত উত্তম মঞ্চ-কেও নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে।’ পরিশেষে তিনি মহানায়ককে ‘বাঙালির স্বপ্নের মহানায়ক- চিরকালীন ভালোবাসা’ বলে অভিহিত করে প্রণাম জানান।

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যগুলি বাংলা সিরিয়ালের বিষয়বস্তু নিয়ে একটি নতুন বিতর্কের সূত্রপাত করবে বলে মনে করা হচ্ছে। এখন দেখার, এই বার্তা সিরিয়াল নির্মাতাদের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারে কিনা।