OMG! জমা জলে মদের আসর বসালেন বিজেপি নেতা, ‘পাউরি’-র ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

যখন ঘাটাল মহকুমার বিস্তীর্ণ অঞ্চল ভারী বৃষ্টি ও জমা জলে বিপর্যস্ত, বহু মানুষ ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন, ঠিক তখনই একটি ভাইরাল ভিডিও ঘিরে চরম বিতর্কের মুখে পড়েছেন এক বিজেপি নেতা। অভিযোগ, জমা জলের মধ্যেই প্রকাশ্য দিবালোকে মদের আসর বসিয়ে ‘পাউরি’ করতে দেখা গেছে তাঁকে ও তাঁর সঙ্গীদের। এই ঘটনা একদিকে যেমন জনভোগান্তির মধ্যে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে, তেমনই ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ নিয়ে ঠাট্টা-তামাশার অভিযোগও উঠেছে, যা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে।

গত বুধবার সন্ধ্যার পর থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও (যার সত্যতা ‘এই সময় অনলাইন’ যাচাই করেনি) দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে, জমা জলের মধ্যেই ইট পেতে কয়েকটি মদের বোতল রাখা হয়েছে এবং তিন ব্যক্তি হাতে সুরাপাত্র তুলে নিয়ে হুল্লোড় করছেন। তাদের মধ্যে একজন চিৎকার করে বলছেন, “মাস্টার প্ল্যান করছি আমরা। দেব মাস্টার প্ল্যান করবে বলে কথা রাখেনি। আমরা মাস্টার প্ল্যান করছি।” তৃণমূলের অভিযোগ, এই মদের আসর বসিয়েছিলেন ঘাটাল ব্লকের ৫ নম্বর বীরসিংহ অঞ্চলের দন্দীপুর বুথের বিজেপি পঞ্চায়েত সদস্য শ্রীকান্ত কারক।

দীর্ঘদিন ধরে ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ প্রকল্প বাস্তবায়িত না হওয়ায় প্রতি বর্ষায় বা ভারী বৃষ্টিতে ঘাটালবাসীর দুর্দশা চরমে ওঠে। রাজ্য সরকার ইতিমধ্যেই কেন্দ্রের সাহায্য ছাড়াই এই প্রকল্পের জন্য বিপুল অর্থ বরাদ্দ করেছে এবং কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে। এমন একটি সংবেদনশীল ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়কে জমা জলের মধ্যে মদের আসরে উপহাস করাকে ভালো চোখে দেখছেন না নেটিজেনদের একাংশ। অনেকেই পাকিস্তানি ব্লগার দাদানি মবিনের ভাইরাল ভিডিও ‘পাউরি হো রেহি হ্যায়’-এর প্রসঙ্গ টেনে বিজেপি নেতাকে কটাক্ষ করছেন এবং সামাজিক মাধ্যমে নিজেদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “এটাই বিজেপির সংস্কৃতি। শুধু ঘাটাল নয়, গোটা দেশেই বিজেপি নেতাদের এই চরিত্র ফুটে উঠেছে।”

অন্যদিকে, এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে মনে হচ্ছে চক্রান্ত। যদি ঘটনায় কোনও সত্যতা থাকে, সে ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের দল এই ধরনের আচরণ বরদাস্ত করবে না।” যদিও ভিডিওতে অভিযুক্ত বিজেপি নেতা শ্রীকান্ত কারক এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঘাটালের মানুষ যখন বন্যার জলবন্দি জীবনযাপন করছেন, তখন একজন জনপ্রতিনিধির এমন আচরণ নৈতিকতা ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এই ঘটনা বিজেপি-কে কতটা বিড়ম্বনায় ফেলে, সেটাই এখন দেখার বিষয়।