“আমাদের পাড়া, আমাদের সমাধান”-প্রকল্পে ঠিক কী কী সুবিধা পাবে মানুষ, জেনেনিন বিস্তারিত

২০২৫ বিধানসভা নির্বাচনের আর খুব বেশি দেরি নেই। তার আগে রাজ্যের শাসকদল মানুষের মন জয়ের জন্য একাধিক কর্মসূচির ঘোষণা করছে। এবার রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। এই কর্মসূচির মধ্য দিয়ে সরাসরি পাড়ার স্তরে সমস্যার সমাধানে উদ্যোগ নিচ্ছে প্রশাসন। ২ আগস্ট থেকে শুরু হবে এই নতুন পরিকল্পনার বাস্তবায়ন, চলবে পরবর্তী দু’মাস ধরে।
৮ হাজার কোটি টাকার প্রকল্প, ৮০ হাজার বুথকে কেন্দ্র করে পরিকল্পনা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের প্রায় ৮০ হাজার বুথের প্রতিটির জন্য বরাদ্দ করা হয়েছে ১০ লক্ষ টাকা। সব মিলিয়ে বরাদ্দ হয়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা। এই অর্থ ব্যবহার করে সংশ্লিষ্ট এলাকার রাস্তা, জলের সমস্যা, বিদ্যুৎ সংযোগ, স্কুল বা আইসিডিএস সেন্টারের জরুরি সংস্কারের মতো কাজ করা হবে।
একত্রে তিন বুথে তৈরি হবে একটি শিবির, স্থানীয় সমস্যা শুনবেন অফিসাররা
তিনটি করে বুথ মিলিয়ে একটি ‘পাড়া’ হিসেবে গণ্য করা হবে এবং সেখানে একটি শিবির বসবে। সরকারি আধিকারিকরা সেই শিবিরে সারাদিন থাকবেন। স্থানীয় বাসিন্দারা সরাসরি সমস্যার কথা জানাতে পারবেন এবং আলোচনার মাধ্যমে স্থির হবে কোন কাজ আগে করা হবে।
শুধু অবকাঠামো নয়, থাকবে দুয়ারে সরকারের পরিষেবাও
এই ক্যাম্পগুলিতে থাকবে ‘দুয়ারে সরকার’-এর ডেস্কও। অর্থাৎ, মানুষ চাইলে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, বিধবা ভাতা, কৃষকবন্ধু ইত্যাদি প্রকল্পে আবেদন করতে পারবেন। কেউ যদি এইসব পরিষেবা নিতে সমস্যায় পড়েন, তা-ও জানাতে পারবেন সেই ক্যাম্পে।
ছোট সমস্যার বড় সমাধান, বলছেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী বলেন, “কোথাও একটা কল লাগানো দরকার, কোথাও আবার একটা লাইট পোস্ট বসাতে হবে, কোথাও স্কুলের ছাদ ভেঙে জল পড়ছে – এই ধরনের ছোট ছোট সমস্যার তড়িৎ সমাধানই লক্ষ্য। এবার সরাসরি অফিসাররা পাড়ায় গিয়ে শুনবেন মানুষের কথা।”
তিনি আরও জানান, “এটা খুব বড় কর্মসূচি না হলেও, এর প্রভাব খুব গুরুত্বপূর্ণ। মানুষ যাতে দ্রুত সমস্যার সমাধান পান, সেজন্য একদিন করে প্রতিটি বুথে থাকবেন অফিসাররা। তাদের কাজ হবে সেখানেই ঠিক করে নেওয়া, কী কী সমস্যা অগ্রাধিকার পাবে। সব কাজ হবে অনলাইন পোর্টালের মাধ্যমে।”
ডিসেম্বর থেকে আবার ফিরছে ‘দুয়ারে সরকার’
এই প্রকল্পের পাশাপাশি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে, ডিসেম্বর মাস থেকে আবার শুরু হবে রাজ্যের জনপ্রিয় ‘দুয়ারে সরকার’ শিবির। তার আগেই এই ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণই সরকারের মূল লক্ষ্য।
বিশেষজ্ঞদের মত:
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ভোটের আগে সরকার যতটা সম্ভব স্থানীয় স্তরে পৌঁছতে চাইছে। মানুষের প্রত্যক্ষ সমস্যার সমাধান করেই শাসকদল চায় জনভিত্তি মজবুত করতে।
সব মিলিয়ে, পাড়ার ছোট সমস্যা থেকেই রাজনীতি গড়ে তোলার কৌশলেই রাজ্য সরকারের নতুন চাল— ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’।