SPORTS: কী হয়েছিল সে দিন? চতুর্থ টেস্টের আগে ইংল্যান্ডের পোল খুলে দিলেন শুভমান, দেখুন ভিডিও

লর্ডস টেস্টের তৃতীয় দিনের বিতর্কিত মুহূর্ত নিয়ে অবশেষে মুখ খুললেন টিম ইন্ডিয়ার তরুণ অধিনায়ক শুভমন গিল। চতুর্থ টেস্ট শুরুর ঠিক আগে সাংবাদিক সম্মেলনে গিল সোজাসাপটা অভিযোগ করলেন, ইংল্যান্ডের ওপেনাররা ইচ্ছাকৃতভাবে মাঠে নামতে দেরি করে সময় অপচয় করেছিলেন, যা খেলার আত্মার পরিপন্থী।
ঘড়ির কাঁটায় সময় দেখিয়ে ইংল্যান্ডের চালাকি ফাঁস করলেন গিল
গিল বলেন, “সেদিন ওদের হাতে সাত মিনিট সময় ছিল। কিন্তু তারা মাঠে এল ৯০ সেকেন্ড দেরিতে। এটা ইচ্ছাকৃত সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। এটা ক্রিকেটের স্পিরিট নয়।”
তিনি আরও যোগ করেন, “হ্যাঁ, ম্যাচ বাঁচাতে কেউ কেউ সময় নিতে পারে। তবে সেটা করারও একটা পদ্ধতি আছে। চোট পেলে ফিজিও আসেন, সেটি স্বাভাবিক। কিন্তু ইচ্ছে করে মাঠে নামতে দেরি করাটা কখনই গ্রহণযোগ্য নয়।”
ঘটনার সময় বল হাতে ছিলেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। ওপেনার জ্যাক ক্রলি মাঠে ঢুকতে দেরি করায় বুমরাহ হাততালি দিয়ে বিদ্রূপ করেন। সেই মুহূর্তে ইংল্যান্ডের আরেক ব্যাটার বেন ডাকেট ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন এবং দুই দলের মধ্যে কিছু কথার বিনিময় হয়। তখনই গিল জ্যাক ক্রলিকে উদ্দেশ করে বলেন, “হিম্মত থাকলে দেখাও।”
Watch: India skipper Shubman Gill cleared the air on the incident between him and England openers Zak Crawley and Ben Duckett, claiming their tactics to ensure only one over was bowled at the end of Day 3, was not in the spirit of the game
He says, “Let me clear the air. We had… pic.twitter.com/5KItF5W3R9
— IANS (@ians_india) July 22, 2025
শুভমন গিল বলেন, “ঘটনার আগে এবং পরে আরও কিছু ঘটনা ঘটেছে, যেগুলো ঠিক ছিল না। আমরা কোনও ইচ্ছাকৃত নাটক করিনি। আবেগ মাঠে থাকেই, কিন্তু যখন কেউ নিয়ম ভাঙে, তখন আবেগ চেপে রাখা কঠিন।”
এই ঘটনার কিছু সময় পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বলেন, “ভারত যদি মুখে যুদ্ধ শুরু করে, তাহলে আমরা চুপ করে থাকব না। মাঠে যেমন লড়াই, মুখের যুদ্ধেও আমরা তৈরি।”
ক্রিকেটারদের পারফরম্যান্সের পাশাপাশি এখন ভারত-ইংল্যান্ড দ্বৈরথে জুড়েছে মানসিক চাপ, কথার লড়াই। ম্যাঞ্চেস্টার টেস্টে মাঠে নেমে কারা শেষ হাসি হাসবে, সেটাই এখন দেখার বিষয়।