“খোরপোশে ১২ কোটি টাকা, BMW দাবি মহিলার”-‘নিজে উপার্জন করে কিনুন’,-বলল সুপ্রিম কোর্ট

বিবাহবিচ্ছেদের খোরপোশ মামলায় এক মহিলার আকাশচুম্বী দাবির প্রেক্ষিতে তীব্র ভর্ৎসনা করল ভারতের সুপ্রিম কোর্ট। স্বামীর কাছ থেকে ১২ কোটি টাকা এবং একটি বিএমডব্লিউ গাড়ি দাবি করা এমবিএ ডিগ্রিধারী ওই মহিলাকে বিচারপতিরা নির্দেশ দিয়েছেন, স্বামীর অর্থের উপর নির্ভরশীল না হয়ে নিজের উপার্জনের পথ খুঁজতে।
ঘটনাটি ভারতের প্রধান বিচারপতি বি. আর. গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে উঠে আসে। মামলার শুনানিতে জানা যায়, ওই দম্পতির বিয়ে মাত্র ১৮ মাস টিকেছিল। বিবাহবিচ্ছেদের পর মহিলাটি মুম্বাইতে একটি বাড়ি এবং ১২ কোটি টাকা ভরণপোষণ হিসেবে দাবি করেন। এই দাবির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি অবাক হয়ে প্রশ্ন করেন, “আপনার বিয়ে মাত্র ১৮ মাস টিকেছিল, আর এখন বিএমডব্লিউ চাইছেন? সঙ্গে প্রতি মাসে এক কোটি টাকা?”
জানা গিয়েছে, ওই মহিলা এমবিএ পাশ এবং একজন আইটি বিশেষজ্ঞ। শুনানিতে তিনি পাল্টা যুক্তি দেন যে, তাঁর স্বামী অত্যন্ত ধনী। এমনকি স্বামী সিজোফ্রেনিয়ায় ভুগছেন অভিযোগ করে বিবাহবিচ্ছেদের দাবি করেছেন তিনি। আদালতের সামনে নিজের অবস্থা বোঝাতে তিনি বেঞ্চকে জিজ্ঞাসা করেন, “আমি কি সিজোফ্রেনিয়ার রোগী বলে মনে হচ্ছে?”
স্বামীর পক্ষে বরিষ্ঠ আইনজীবী মাধবী দিভান যুক্তি দেন যে, এত অযৌক্তিকভাবে ভরণপোষণ দাবি করা যায় না। তিনি আদালতকে জানান, ওই মহিলা ইতিমধ্যেই মুম্বাইয়ের একটি ফ্ল্যাটে থাকছিলেন, যেখানে দু’টি পার্কিং স্পট রয়েছে এবং সেখান থেকে তিনি আয় করতে পারতেন। দিভান বলেন, “তাকে কাজও করতে হবে। সবকিছু এভাবে দাবি করা যায় না।” তিনি আরও উল্লেখ করেন যে, “তিনি যে বিএমডব্লিউটির স্বপ্ন দেখছেন, তা ১০ বছরের পুরনো।”
প্রধান বিচারপতি গাভাই অবশ্য মহিলার স্বামীর অতীত আয়, চাকরিকালীন আড়াই কোটি টাকা বেতন এবং এক কোটি টাকা বোনাসের বিবরণও উল্লেখ করেন। উভয় পক্ষকে তাদের সম্পূর্ণ আর্থিক নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে, বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় যে, ওই মহিলা তার স্বামীর বাবার সম্পত্তির উপর কোনও অধিকার দাবি করতে পারবেন না। এই ঘটনাটি বিবাহবিচ্ছেদ এবং খোরপোশ সংক্রান্ত মামলায় অযৌক্তিক দাবির বিরুদ্ধে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে বলে আইন বিশেষজ্ঞরা মনে করছেন।