দোকানে ঢুকে ৩২ হাজার টাকার লেহেঙ্গা ছিঁড়ে ফেললেন হবু বর, কিন্তু কেন? জানলে অবাক হবেন!

মুম্বইয়ের কল্যাণ শহরে এক অদ্ভুত ও ভয়াবহ ঘটনা ঘটল। হবু স্ত্রীর বিয়ের লেহেঙ্গা বদলাতে রাজি না হওয়ায় এক নামী ফ্যাশন স্টোরে ঢুকে ৩২ হাজার টাকার ব্রাইডাল লেহেঙ্গা ছুরি দিয়ে ছিঁড়ে ফেলেছেন এক হবু বর। দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এই গোটা ঘটনা, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে কল্যাণ ওয়েস্টের বিখ্যাত ফ্যাশন স্টোর ‘কলাক্ষেত্র’-তে। দোকান সূত্রে জানা গেছে, গত ১৭ জুন কল্যাণের বাসিন্দা মেঘনা মাখিজা তাঁর বিয়ের জন্য ৩২,৩০০ টাকা দিয়ে একটি লেহেঙ্গা কেনেন। কিন্তু বাড়িতে যাওয়ার পর মেঘনার মন বদলে যায় এবং তিনি লেহেঙ্গাটি ফেরত দিতে চেয়ে দোকানে ফোন করেন।
দোকান কর্তৃপক্ষ মেঘনাকে জানায় যে কেনা পোশাক ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই। তবে, এক মাসের মধ্যে সেই একই মূল্যের অন্য কোনো পোশাকের সঙ্গে সেটি বদল (এক্সচেঞ্জ) করা যাবে। এই এক্সচেঞ্জের জন্য ৩১ জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়।
এরপর ১৯ জুলাই মেঘনা আবার দোকানে আসেন। লেহেঙ্গা বদলানোর বিষয়ে কথা বলতে গিয়ে দোকানদারের সঙ্গে তাঁর তীব্র বচসা শুরু হয়। এর কয়েক ঘণ্টা পর মেঘনার হবু বর সুমিত সায়ানি দোকানে প্রবেশ করেন। রাগে ফুঁসতে ফুঁসতে সুমিত দোকানদারের সঙ্গে তর্কাতর্কি শুরু করেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হঠাৎ করেই সুমিত তাঁর পকেট থেকে একটি ছুরি বের করে সেই বিয়ের লেহেঙ্গাটি সম্পূর্ণ ছিঁড়ে ফেলেন। শুধু তাই নয়, দোকানদারকে হুমকিও দেন বলে অভিযোগ উঠেছে।
দোকানদার অভিযোগ করে বলেন, “ওই যুবক আমাকে বলেছে, যদি কথা না শুনি, এই লেহেঙ্গার মতো আমাকেও ছিঁড়ে ফেলবে।” দোকানদারের আরও অভিযোগ, সুমিত তাঁদের কাছে ৩ লক্ষ টাকা দাবি করেন এবং তা না দিলে দোকানের বদনাম করে ভিডিও ভাইরাল করে দেবেন বলেও হুমকি দেন।
এই পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ঘটনার পর ‘কলাক্ষেত্র’ ফ্যাশন স্টোরের মালিক কল্যাণ বাজারপেট থানায় সুমিত সায়ানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং ভাইরাল হওয়া ভিডিও দেখে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।