‘দৃশ্যম’ স্টাইলে হত্যা! মেঝে খুঁড়তেই বেরিয়ে এল স্বামীর নিধর দেহ, আসল খুনি কী স্ত্রী?

ঘরের ভেতরের অদ্ভুত গন্ধ, আর মেঝের রং বদল – সামান্য এই অসঙ্গতিই টেনে আনল এক মর্মান্তিক হত্যাকাণ্ডের পর্দাফাঁস! মহারাষ্ট্রে বিবাহ বহির্ভূত সম্পর্কের আরও এক ভয়ঙ্কর পরিণতি সামনে এল, যা বলিউড থ্রিলার ‘দৃশ্যম’-এর নৃশংসতাকে হার মানাবে। স্বামীর নিখোঁজ রহস্যের তদন্ত করতে গিয়ে ভাইয়েরা যা আবিষ্কার করলেন, তাতে শিউরে উঠেছে গোটা দেশ।
মেঝের তলায় রহস্য:
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, অভিযুক্ত স্ত্রীর নাম কোমল চবন এবং নিহত স্বামীর নাম বিজয় চবন (৩৫)। প্রায় ১৫ দিন ধরে নিখোঁজ ছিলেন বিজয়। অবশেষে তাঁর দুই ভাই খুঁজতে খুঁজতে সোমবার সকালে বিজয়ের বাড়িতে পৌঁছান। সেখানে তারা লক্ষ্য করেন, কিছু মেঝের টাইলস অন্যগুলোর রঙের সঙ্গে মেলে না, যেন নতুন করে লাগানো হয়েছে। সন্দেহ দানা বাঁধতেই তারা সেই টাইলস সরাতেই আঁতকে ওঠেন। নিচে চাপা দেওয়া একটি জ্যাকেট এবং তার সঙ্গে সারা ঘরে ছড়িয়ে পড়া বোঁটকা দুর্গন্ধ! দ্রুত খবর দেওয়া হয় পুলিশে।
প্রেমিকের সঙ্গে মিলে খুন, এরপর পুঁতে ফেলা:
পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে এক নৃশংস পরিকল্পনার কথা। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে স্বামী বিজয়ের সঙ্গে কোমলের নিত্যদিন ঝগড়া লেগেই থাকত। এই অশান্তির মধ্যেই কোমল জড়িয়ে পড়েন অন্য এক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে। অভিযোগ, সেই প্রেমিকের সাহায্য নিয়েই কোমল তাঁর স্বামী বিজয়কে খুন করেছেন। এরপর অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য কোমল এবং তাঁর প্রেমিক মনু মিলে মৃতদেহ মেঝের নিচে পুঁতে ফেলেন এবং তার ওপর নতুন টাইলস লাগিয়ে দেন – ঠিক যেন অজয় দেবগনের ‘দৃশ্যম’ সিনেমার মতো!
ফের সামনে নৃশংসতার নজির:
এই ঘটনা আবারও বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ঘটে যাওয়া অপরাধের ভয়াল দিকটি তুলে ধরল। এর আগে উত্তর প্রদেশের মিরাট থেকেও একইরকম এক ভয়াবহ ঘটনা সামনে এসেছিল। সেখানে একজন মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে নিজেরই স্ত্রী খুন করে দেহ টুকরো টুকরো করে কেটে একটি ড্রামে পুঁতে সিমেন্ট দিয়ে সিল করে দিয়েছিলেন। সেই ঘটনার নেপথ্যেও ছিল স্ত্রী মুসকান রাস্তোগির সাহিল শুক্লা নামে এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক।
মহারাষ্ট্রের এই ঘটনা আবারও প্রমাণ করল, সম্পর্কের টানাপোড়েন কতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।