SSC-মামলায় সুপ্রিম স্বস্তি রাজ্যের, বহাল রইলো কলকাতা হাইকোর্টের রায়

স্কুল সার্ভিস কমিশনের (SSC) নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি ও বিধিকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দেওয়া রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের হয়েছিল, তা আজ খারিজ করে দেওয়া হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের এই রায়ের পর কার্যত ভর্ৎসনার মুখে পড়লেন মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে স্কুল সার্ভিস কমিশনের মামলার শুনানি ছিল। মামলাকারীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য যুক্তি দেন যে, “নতুন বিজ্ঞপ্তিতে ১০ নম্বর অতিরিক্ত দেওয়া হয়েছে। অযোগ্যদের বেতনের টাকা ফেরত দিতে হবে, বলা হয়েছিল সুপ্রিম কোর্টের মূল রায়ে। তাঁরা কোনওভাবেই নিযুক্ত হতে পারবেন না, বলা হয়েছিল সেই কথা।”
পাল্টা বিচারপতি সঞ্জয় কুমার কড়া মন্তব্য করেন। তিনি বলেন, “সার্ভিস কমিশন নিজেদের মতো করে স্ট্যান্ডার্ড তৈরি করতে পারে। আপনারা অর্ডার টুইস্ট করছেন কী করে? আমরা এই বিষয় নিয়ে হস্তক্ষেপ করতে আগ্রহী নই। যাঁদের শিক্ষকতার অভিজ্ঞতা আছে, তাঁদের ক্ষেত্রে আপনাদের সমস্যা কোথায়? এমন করলে সমস্যার কোনও সমাধান হবে না।”
আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে উদ্দেশ্য করে বিচারপতি সঞ্জয় কুমার আরও বলেন, “এসএলপিজ (Special Leave Petitions) আর নট গ্যাম্বেল (জুয়া খেলার জায়গা নয়)। এটা বাজে প্র্যাকটিস। এটা বন্ধ করতে হবে। এই ভাবে চলতে পারে না। আপনারা সুপ্রিম কোর্টে নিজেদের ভাগ্য পরীক্ষা করবেন, আবার অন্য কোর্টে যাবেন, এই প্র্যাকটিস বন্ধ করতে হবে।” এরপরই তিনি মামলা খারিজ করার ঘোষণা করেন।
সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি ও বিধি বৈধতা পেল। একইসঙ্গে, এটি নিয়োগ প্রক্রিয়াকে দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এই রায় রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আইনি জটিলতা কিছুটা কমাতে সাহায্য করবে বলেও আশা করা হচ্ছে।