বিজেপি রাজ্যে ‘বাঙালি বিরোধী’ সার্কুলার কেন্দ্রের, একুশের মঞ্চে NRC নিয়ে যা বললেন মমতা

একুশে জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চ থেকে আবারও ভিনরাজ্যে বাঙালিদের আক্রান্ত হওয়া এবং নাগরিকত্ব (CAA), এনআরসি (NRC) ইস্যুতে কেন্দ্রীয় সরকারের ‘সর্বনাশা’ পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার জনসমুদ্রের সামনে তিনি কেন্দ্রের জারি করা একটি ‘বাঙালি বিরোধী’ সার্কুলার তুলে ধরে দাবি করেন যে, ঘুরপথে কেন্দ্র এনআরসি করার চেষ্টা করছে এবং বাঙালিদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “বাংলা ভাষার উপর চলছে বিশাল সন্ত্রাস। কে কোন ভাষায় কথা বলবে, কে কী খাবে, তা নিয়েও বলে দেবে!” তাঁর শ্লেষাত্মক মন্তব্য ছিল, “বাংলা ভাষায় নাকি কথা বলা যাবে না। কে মাছ খাবে, কে ডিম খাবে ঠিক করে দেবে?”
তৃণমূল নেত্রী দৃঢ় কণ্ঠে হুঁশিয়ারি দেন, “জেনে রাখবেন, এখানে সবার অধিকার রক্ষিত হবে।” তিনি মনে করিয়ে দেন, বাংলা স্বাধীনতার জন্য লড়াই করেছে এবং নবজাগরণ হয়েছে এই বাংলা থেকেই। মমতা বলেন, “বাংলার মাটি দুর্বৃত্তদের হবে না। বাংলার মানুষকে যদি বাংলা বলার জন্য বাইরে গ্রেপ্তার করা হয়, এই লড়াই কিন্তু দিল্লিতে হবে।”
মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তা একদিকে যেমন বাঙালিদের আত্মপরিচয় ও ভাষার অধিকার রক্ষার পক্ষে জোর সওয়াল, তেমনই অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকারের এনআরসি এবং সিএএ নীতির বিরুদ্ধে তৃণমূলের দৃঢ় অবস্থানকে পুনরায় তুলে ধরল। এই ইস্যুটি যে আগামী দিনেও রাজ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠবে, তা বলাই বাহুল্য। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতার এই বক্তব্য দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর হস্তক্ষেপ এবং ভাষার ভিত্তিতে বিভাজনের বিরুদ্ধে এক জোরালো প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে।