রানওয়েতে নামতে গিয়ে হড়কে গেল বিমান! জারি ইমার্জেন্সি, ফের Air India-র বিমানে বিপত্তি

আবারও এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তির ঘটনা ঘটল। সোমবার মুম্বই বিমানবন্দরে রানওয়েতে অবতরণ করতে গিয়ে রানওয়ে থেকে হড়কে গেল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। ভারী বৃষ্টির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পরপরই বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয়।

এদিন এয়ার ইন্ডিয়ার এআই ২৭৪৪ এ৩২০ বিমানটি কেরলের কোচি থেকে আসছিল। মুম্বই বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে সামান্য হড়কে বেরিয়ে যায়। তবে, পাইলটের দক্ষতায় বড় ধরনের বিপদ এড়ানো গেছে এবং বিমানটিকে তিনি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এই দুর্ঘটনায় বিমানটির কিছুটা ক্ষতি হয়েছে বলে জানা গেছে, একইসঙ্গে বিমানবন্দরের ০৯/২৭ নম্বর রানওয়েটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে, বর্তমানে এই রানওয়েটি বন্ধ রেখে মেরামতের কাজ চলছে। বিমান ওঠানামা স্বাভাবিক রাখার জন্য ১৪/৩২ নম্বর রানওয়েটি অপারেশনাল রাখা হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, অবতরণের সময় বিমানের তিনটি টায়ার ফেটে গেছে এবং ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তা সত্ত্বেও, বিমানটি নিরাপদে টার্মিনাল গেটের কাছে পৌঁছতে সক্ষম হয়। বিমানে থাকা সকল যাত্রী এবং ক্রু সদস্য সুরক্ষিত রয়েছেন বলে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এই বিষয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “কোচি থেকে মুম্বইগামী AI2744 বিমানটি অবতরণের সময় ভারী বৃষ্টির সম্মুখীন হয়, যার ফলে টাচডাউনের পর রানওয়ে থেকে কিছুটা বেরিয়ে যায়। বিমানটি সুরক্ষিতভাবে গেট পর্যন্ত পৌঁছেছে এবং সকল যাত্রী ও ক্রু সদস্যরা নেমেছেন। বিমানটি বর্তমানে পরীক্ষা করে দেখা হচ্ছে। যাত্রীদের সুরক্ষাই আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।”

সাম্প্রতিককালে বিমান বিপত্তির ঘটনা বারবার সামনে আসায় যাত্রীদের মনে উদ্বেগ বাড়ছে। তবে এই ঘটনায় বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কর্তৃপক্ষ ও যাত্রীরা।