প্রেমিকের সঙ্গে ঝগড়া! অভিমানে লাইভে এসে গলায় ফাঁস দিয়ে ‘আত্মঘাতী’ ছাত্রী, প্রবল চাঞ্চল্য এলাকাজুড়ে

প্রেমিকের সঙ্গে অশান্তির জের ধরে ইনস্টাগ্রাম লাইভ চলাকালীন গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক কলেজ ছাত্রী। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঠিক কী কারণে এই চরম সিদ্ধান্ত, তা জানতে তদন্ত শুরু করেছে।

জানা গেছে, মৃত ছাত্রী পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা। তিনি খাকুড়দার একটি বেসরকারি কলেজে ডিএলএড পড়ছিলেন। আজ (শুক্রবার) তিনি ইনস্টাগ্রাম লাইভে আসেন এবং সেখানেই কান্নায় ভেঙে পড়েন। প্রেমের সম্পর্কে টানাপোড়েনের কথা বলতে বলতে আত্মহত্যার সিদ্ধান্তের কথাও জানান ওই ছাত্রী। ততক্ষণে তার লাইভে বহু মানুষ যুক্ত ছিলেন। বন্ধু-বান্ধব, প্রতিবেশীরা সবটা শুনলেও প্রথমে বিষয়টি ততটা গুরুত্ব দেননি।

এক পর্যায়ে ওই ছাত্রী গলায় ফাঁস দিয়ে দেন। তখনই আশেপাশে যারা লাইভ দেখছিলেন, তারা বুঝতে পারেন পরিস্থিতি গুরুতর এবং দ্রুত ছাত্রীর বাড়িতে ছুটে যান। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছিল। প্রতিবেশীরা গিয়ে ছাত্রীকে মৃত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে থানায় জানানো হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই আত্মহত্যার পেছনে আসল কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রেমিকের সঙ্গে সামান্য ঝামেলার কারণেই কি এই চরম সিদ্ধান্ত, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় প্রেমিকের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।