তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল এই দ্বীপপুঞ্জ, আতঙ্কে মানুষজন! রিখটার স্কেলে মাত্রা কত?

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার তানিম্বার দ্বীপপুঞ্জ। সোমবার সকাল ১১টা ২০ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৭। প্রাথমিকভাবে ভূমিকম্পটি জোরাল মনে হলেও, এখনও পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি হয়নি।
যদিও ভূমিকম্পের মাত্রা নিয়ে বিভিন্ন সংস্থার তথ্যে সামান্য ভিন্নতা রয়েছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (National Center for Seismology) তথ্য অনুসারে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৫। আবার জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) জানিয়েছে যে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.৮।
কম্পনের কেন্দ্রস্থল ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। ইন্দোনেশিয়ার তুয়াল শহর থেকে ১৭৯ কিলোমিটার পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিমে এই ভূমিকম্পটি হয়েছে। ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে পূর্ব ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি ছোট শহরে এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ (Ring of Fire) অবস্থিত। এই কারণে এখানে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রায়শই ঘটে থাকে। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল তানিম্বার দ্বীপপুঞ্জ। সেবার সুনামি সতর্কতাও জারি হয়েছিল, যার জেরে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন।
এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর না এলেও, ইন্দোনেশিয়ার ভৌগোলিক অবস্থানের কারণে সেখানকার মানুষকে সব সময়ই প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুত থাকতে হয়।