‘পুতিন ভালভাবে কথা বলে, তারপর সবাইকে বোমা মারে’, পুতিনকে আক্রমণ মার্কিন প্রেসিডেন্টের

ক্ষমতায় এলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই অবস্থান থেকে সরে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইউক্রেন যুদ্ধে সক্রিয়ভাবে হস্তক্ষেপ করছেন। রবিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তীব্র আক্রমণ করে ট্রাম্প বলেছেন, “পুতিন ভালোভাবে কথা বলেন, তারপর সবাইকে বোমা মারেন।”

রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে ওয়াশিংটন ইউক্রেনে তাদের প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম পাঠাচ্ছে। তবে কতগুলি যুদ্ধবিমান বা অস্ত্র পাঠানো হবে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনের সুরক্ষার প্রয়োজনেই তিনি এই সাহায্য করছেন। একইসঙ্গে রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিতও দিয়েছেন তিনি।

পুতিনের ওপর কার্যত হতাশ ট্রাম্প। খোঁচা দিয়ে তিনি বলেন, “পুতিন বহু মানুষকে অবাক করে দিয়েছেন। উনি ভালোভাবে কথা বলেন, তারপর বিকেলেই সবাইকে বোমা মারেন।”

আজ, সোমবার আমেরিকার বিশেষ প্রতিনিধি ইউক্রেন সফরে যাচ্ছেন। অন্যদিকে, আজই ট্রাম্প ন্যাটো (NATO)-র সেক্রেটারি জেনারেল মার্ক রুটের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই পরিস্থিতিতে ট্রাম্পের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

এদিকে, চলতি মাসের শুরুতেই আমেরিকা জানিয়েছিল, ইউক্রেনে আপাতত অস্ত্র সাহায্য বন্ধ রাখবে। নতুন চুক্তি করা হবে, যাতে ন্যাটো-কেই আমেরিকাকে টাকা দিতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বলেছিলেন যে আমেরিকার সঙ্গে বহুস্তরীয় চুক্তি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের আকস্মিক এই সক্রিয়তা এবং পুতিনের প্রতি কঠোর মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।