“৮০ ভাগ হিন্দু ভোট দিলে…”-২৬ এর নির্বাচনে জয়ের অঙ্ক বলে দিলেন শুভেন্দু, দেখেনিন হিসেব?

রাজ্যের আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নতুন করে মেরুকরণের রাজনীতির ইঙ্গিত দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিন্দু ভোটের উপর জোর দিয়ে তিনি প্রকাশ্যে মন্তব্য করেছেন যে, বিজেপিকে সরকার গড়তে হলে আর ৪ থেকে ৫ শতাংশ অতিরিক্ত ভোটের প্রয়োজন। তাঁর দাবি, যদি ৮০ শতাংশ হিন্দু ভোট বিজেপির পক্ষে আসে, তাহলে ২০২৬ সালে “জাতি অত্যাচারী, মুসলিম লিগ সরকারকে উপড়ে ফেলে দেবে বিজেপি”। এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, গত লোকসভা ভোটে ৬৮ শতাংশ হিন্দু ভোট বিজেপি পেয়েছিল। তিনি মনে করেন, এই সংখ্যাকে যদি ৮০ শতাংশে উন্নীত করা যায়, তাহলে নিশ্চিতভাবে ২০২৬ সালে ক্ষমতা দখল করবে বিজেপি। তাঁর এই বক্তব্যের মূল লক্ষ্য ছিল হিন্দু ভোটারদের বিজেপির দিকে আরও বেশি করে আকৃষ্ট করা এবং একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে জনমত তৈরি করা।

একই সঙ্গে শুভেন্দু অধিকারী সিপিএমের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন। তাঁর কথায়, “সাবধান থাকতে হবে সিপিএমের থেকে। মুসলিমদের মিছিলে হাঁটায়। ভোট কাটে হিন্দুদের।” এই মন্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে, সিপিএম একদিকে মুসলিমদের সমর্থন আদায়ের চেষ্টা করছে, অন্যদিকে হিন্দুদের ভোট কেটে বিজেপির ক্ষতি করছে। এর ফলে রাজনৈতিক মহলে সিপিএমের ভূমিকা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোরদার বিতর্ক। শাসকদল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বাম ও কংগ্রেস শিবির এই ধরনের বিভাজনমূলক মন্তব্যের তীব্র নিন্দা করেছে। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, বিজেপি সবসময় বিভাজনের রাজনীতি করে, যা রাজ্যের সম্প্রীতির পরিপন্থী। অন্যদিকে, বামেরা এই মন্তব্যকে বিজেপির সাম্প্রদায়িক এজেন্ডার প্রতিফলন বলে আখ্যায়িত করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শুভেন্দু অধিকারীর এই ধরনের বক্তব্য ২০২৬ সালের নির্বাচনকে আরও বেশি করে ধর্মীয় মেরুকরণের দিকে ঠেলে দেবে।

ভবিষ্যতে এই মন্তব্যের রাজনৈতিক প্রভাব কী দাঁড়ায়, সেটাই এখন দেখার বিষয়।