“সর্বোচ্চ সাজা যদি মৃত্যুদণ্ড হয়, দোষীদের তাই হোক”-দাবি করলেন নির্যাতিতার বাবা

সাউথ ক্যালকাটা ল’কলেজে ঘটে যাওয়া চাঞ্চল্যকর গণধর্ষণ কাণ্ডের প্রেক্ষিতে এবার মুখ খুললেন নির্যাতিতার বাবা। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন, যা প্রয়োজনে মৃত্যুদণ্ডও হতে পারে। তাঁর কথায়, “সমাজে মানসিক বিকারগ্রস্তরা জানুক, বিচারব্যবস্থা কী করতে পারে।”
নির্যাতিতার বাবা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “সর্বোচ্চ সাজা চাই। আমাদের দেশে সর্বোচ্চ সাজা যদি মৃত্যুদণ্ড হয়, তা হলে তাই হোক।” তিনি আরও উল্লেখ করেন যে, এই ঘটনার জেরে তাঁর মেয়ে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন।
একদিকে যখন এই পাশবিক ঘটনার বিচার চেয়ে সরব পরিবার, অন্যদিকে তদন্ত প্রক্রিয়া নিয়ে কলকাতা পুলিশের প্রতি সম্পূর্ণ আস্থা প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা। তিনি বলেন, “কলকাতা পুলিশ আমাদের সম্পূর্ণভাবে সাহায্য করছে। কলকাতা পুলিশের উপর আস্থা রয়েছে। কলকাতা পুলিশ দ্রুত কাজ করছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করেছে। তদন্ত প্রক্রিয়াও তৎপরতার সঙ্গে এগোচ্ছে।” এই মুহূর্তে সিবিআই তদন্তের কোনো প্রয়োজন নেই বলেও তিনি জানিয়েছেন।
কসবার এই গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ৩১ বছর বয়সী মনোজিৎ ওই কলেজের প্রাক্তন ছাত্র এবং বর্তমানে আলিপুর আদালতে আইন প্র্যাকটিস করে। সে বর্তমানে টিএমসিপির দক্ষিণ কলকাতা ইউনিটের সাধারণ সম্পাদক। এই ঘটনায় জড়িত অন্য দুই অভিযুক্ত হল জইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়, যারা ওই কলেজেরই বর্তমান পড়ুয়া।
মনোজিতের বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ প্রকাশ্যে এসেছে। কলেজেরই এক ছাত্রী ইন্ডিয়া টুডে টিভিকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভিযোগ করেছেন যে, ২ বছর আগে একটি কলেজ ট্রিপে মনোজিৎ তাঁকে যৌন হেনস্থা করেছিল এবং হুমকিও দিয়েছিল। ওই ছাত্রী আরও দাবি করেছেন যে, কলেজের প্রায় ১৫ জন ছাত্রী মনোজিতের বিকৃত লালসার শিকার হয়েছিলেন। এই নতুন অভিযোগগুলি তদন্তের মোড়কে আরও জটিল করে তুলছে।