শেফালির মরদেহের ছবি তুলতে ব্যস্ত মিডিয়া, বরুণ রেগে গিয়ে বললেন….

বলিউডে শোকের ছায়া নেমে এসেছে জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারিওয়ালার অকালপ্রয়াণে। মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘কাঁটা লাগা’ খ্যাত শেফালি। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে স্তব্ধ পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মী—কেউই এই বিচ্ছেদ মেনে নিতে পারছেন না। শেফালির মৃত্যুর খবর সামনে আসার পর তাঁর স্বামী সাংবাদিকদের অনুরোধ করেছিলেন, যেন রাস্তা ফাঁকা করে মরদেহটি পৌঁছতে দেওয়া হয়। তবে মুম্বইয়ের কিছু সংবাদমাধ্যম সেই অনুরোধ অগ্রাহ্য করে, মরদেহ ঘিরে শেফালির স্বামীর কান্নাভেজা বিদায়ের মুহূর্ত রেকর্ড করে ভাইরাল করে তোলে সোশ্যাল মিডিয়ায়।
এই অনভিপ্রেত আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা বরুণ ধাওয়ান। ইনস্টাগ্রামে তিনি লেখেন,”আবারও একটা মৃত্যু সংবাদকে অত্যন্ত অসংবেদনশীলভাবে কভার করল মিডিয়া। সবসময় শোকের ছবিগুলো তুলে ধরতে হবে কেন? দয়া করে বুঝুন, এই সময়টা পরিবারের জন্য কতটা কষ্টের। এমন কভারেজ কারও কোনও উপকারে আসে না। মিডিয়ার বন্ধুদের কাছে অনুরোধ, অন্তত মৃত্যুর সময়টা যেন সম্মান দিয়ে কভার করা হয়।”
বরুণের এই পোস্টের পাশে দাঁড়িয়েছিলেন বলিউডের এক অভিনেত্রীও। যদিও কিছুক্ষণ পর তিনি সেই পোস্ট মুছে ফেলেন। সামাজিক মাধ্যমে বরুণের মন্তব্য ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তাঁর বক্তব্যে সহমত পোষণ করেন, আবার কেউ কেউ বলেন,”মিডিয়ার কাজ ঘটনাকে কভার করা। ছবির প্রচারে মিডিয়াকে ব্যবহার করবেন আর ব্যক্তিগত মুহূর্তে মিডিয়ার উপস্থিতি চাইবেন না—এই দ্বিচারিতা চলতে পারে না।”