তামান্নাকে ছেড়ে ফতিমার প্রেমে মত্ত বিজয়? জোর গুঞ্জন বলিউডে

বলিউডে প্রেম-ছাড়াছাড়ির গল্প নতুন নয়। আর এবার সেই তালিকায় নতুন জুটি হিসেবে উঠে এলেন ফতিমা সানা শেখ ও বিজয় ভার্মা।
একসময় আমির খানের ‘দঙ্গল-কন্যা’ হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন ফতিমা। শুধু অভিনয়েই নয়, পরে গুঞ্জন রটে— আমিরের সঙ্গেই নাকি সম্পর্ক জড়িয়েছিলেন তিনি! এমনকী, তাঁদের বিয়ে নিয়েও কানাঘুষো কম হয়নি। যদিও সেই সব জল্পনায় জল ঢেলে আমির এখন মজেছেন গৌরীর প্রেমে।
এদিকে ফতিমার জীবনে আমির-পর্ব শেষ হতে না হতেই বলিপাড়ায় শোনা যাচ্ছে, তামান্না ভাটিয়ার প্রাক্তন প্রেমিক বিজয় ভার্মা-ই এখন ফতিমার হৃদয়ের অধিকারী!
বিজয় ও ফতিমা একসঙ্গে কাজ করছেন ‘গুস্তাখ ইশক’ ছবিতে। আর সেখান থেকেই কি নতুন প্রেমের শুরু? বলিপাড়ায় এমনটাই কানাঘুষো।
তামান্নার সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টানার পর বিজয়ের জীবনেও যে শূন্যতা তৈরি হয়েছিল, তা কারও অজানা নয়। আর ঠিক সেই সময়েই ফতিমা ও বিজয়ের ঘনিষ্ঠতা বাড়তে থাকে।
এমনকী, গুঞ্জন এমনও— লিভ-ইনেও নাকি রাজি হয়ে গিয়েছেন ফতিমা ও বিজয়! যদিও এ নিয়ে দু’জনের কেউ-ই মুখ খোলেননি খোলসা করে।
সম্প্রতি একটি ছবির প্রচারে হাজির ছিলেন ফতিমা। সাংবাদিকদের প্রশ্ন— বিজয়ের সঙ্গে কি কিছু চলছে?
সোজাসাপটা জবাবে হেসে উড়িয়ে দিলেন ফতিমা,“দূর! কী সব বলছেন! ভাল ছেলেই তো পাচ্ছি না! সিনেমায় যাঁরা ‘ভাল’, বাস্তবে তাঁদের খুঁজে পাওয়া যায় না!”
তবে প্রশ্ন হল, এটা কি প্রেমের কথা এড়িয়ে যাওয়া, নাকি নিছকই মিডিয়ার নজর ঘোরানো?
তামান্নার সঙ্গে ব্রেকআপের পর বিজয় যেমন নীরব ছিলেন, তেমনই এখনো পর্যন্ত ফতিমা সংক্রান্ত কোনও মন্তব্য করেননি। তবে তাঁদের একসঙ্গে সময় কাটানো, শ্যুটিংয়ের বাইরে ঘোরাঘুরি—সবটাই কিন্তু বলিউডের কচকচানি বাড়িয়ে তুলছে।
তবে এটাও ঠিক, বলিউডে নতুন রসায়ন মাঝেমধ্যে প্রোমোশনের স্ট্র্যাটেজিও হতে পারে। তাই আদৌ এই সম্পর্ক পর্দার গণ্ডি পেরিয়ে বাস্তবে পৌঁছাবে কিনা, তা বলবে সময়ই।