SPORTS: জাদেজা-জয়সওয়ালের ক্যাচ মিস,পাল্টা জবাব দিচ্ছে দিচ্ছে ইংল্যান্ডও

হেডিংলির সবুজ গালিচায় দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতীয় শিবিরকে তাড়া করছে একরাশ হতাশা। ব্যাট হাতে ৪৭১ রানের বিশাল সংগ্রহ গড়ার পর যেখানে লিডসের রাশ শক্ত হাতে ধরে ফেলার কথা ছিল, সেখানে লাগাতার ক্যাচ মিসের মহড়া ভারতকে পাল্টা চাপে ফেলে দিয়েছে। জসপ্রীত বুমরার দুরন্ত বোলিং স্পেলের সুফল যদি ফিল্ডাররা ধরতে পারতেন, তবে ইংল্যান্ডকে ফলো-অনের সামনে দাঁড় করানো যেত, কিন্তু তা আর হলো না।
দিনের মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ফিল্ডারদের একের পর এক সহজ সুযোগ নষ্ট। দলের নির্ভরযোগ্য ফিল্ডার রবীন্দ্র জাদেজা থেকে শুরু করে তরুণ তুর্কি যশস্বী জয়সওয়াল – সকলেই ক্যাচ ফেলার তালিকায় নাম লিখিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড় ভুলটি ছিল অলি পোপের ক্যাচ মিস। যখন পোপের ব্যক্তিগত রান মাত্র ৬০, তখন জসপ্রীত বুমরার ৩১তম ওভারে তৃতীয় স্লিপে যশস্বী জয়সওয়াল তাঁর সহজ ক্যাচটি ফেলে দেন। এই সুযোগ কাজে লাগিয়ে পোপ কেবল সেঞ্চুরিই করেননি, তিনি এখনো অপরাজিত থেকে ভারতের মাথাব্যথার কারণ হয়ে রয়েছেন।
এর আগেও দিনের শুরুতে ফিল্ডিংয়ের দুর্বলতা প্রকট হয়। পঞ্চম ওভারে বেন ডাকেট যখন ১৫ রানে ব্যাট করছিলেন, তখন তাঁর ক্যাচ ফেলেন যশস্বী জয়সওয়াল। এরপর সপ্তম ওভারে আবার সেই ডাকেটেরই ক্যাচ পয়েন্টে হাতছাড়া করেন রবীন্দ্র জাদেজা, তখনও ডাকেট ১৫ রানেই ছিলেন। এই সুযোগগুলো কাজে লাগাতে পারলে ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারে শুরুতেই ফাটল ধরানো যেত, কিন্তু ফিল্ডিং ব্যর্থতায় তা হয়নি।
ব্যাট হাতে ৪৭১ রান করলেও ভারতীয় বোলারদের জন্য স্বস্তি এনে দিতে পারেনি এই স্কোর। দিনের শেষে ৩ উইকেটে ২০৯ রান তুলে ফেলেছে ইংল্যান্ড, ভারতের লিড এখনো ২৬২ রান। ইংল্যান্ডের যে তিনটি উইকেট পড়েছে, তার সবকটিই এসেছে ভারতের সেরা বোলার জসপ্রীত বুমরার হাত ধরে। মাত্র ১৩ ওভারে ৪৮ রান খরচ করে বুমরা জ্যাক ক্রাউলি (৪), বেন ডাকেট (৬২) এবং জো রুটকে (৩০) প্যাভিলিয়নে ফিরিয়েছেন। ডাকেটকে বুমরা ক্লিন বোল্ড করেন এবং রুট করুণ নায়ারের হাতে ক্যাচ আউট হন।
তবে বুমরা অন্য প্রান্ত থেকে খুব একটা সাহায্য পাননি। মহম্মদ সিরাজ তার প্রথম স্পেলেই অনেক রান দিয়েছেন। প্রসিদ্ধ কৃষ্ণ তার ১০ ওভারে ৫৬ রান দিয়েছেন এবং শার্দুল ঠাকুরও ৩ ওভারে ২৩ রান খরচ করেছেন। রবীন্দ্র জাদেজা যদিও ৯ ওভারে মাত্র ২৫ রান দিয়েছেন, কিন্তু কোনো উইকেট পাননি। ফলে ইংল্যান্ডের টপ অর্ডারকে ভাঙতে ভারতীয় দল অনেকটাই বুমরার উপর নির্ভরশীল ছিল, এবং ফিল্ডিংয়ের ত্রুটির কারণে তাঁর প্রচেষ্টা অনেকটাই ব্যর্থ হয়েছে।
এই ক্যাচ মিসগুলো যে লিডস টেস্টের গতিপথ বদলে দিতে পারে, তা স্পষ্ট। এখন তৃতীয় দিনে ভারতীয় বোলারদের নতুন করে চাপ তৈরি করতে হবে এবং ফিল্ডারদের ভুলের মাশুল গুণতে না হয়, সেদিকেই নজর থাকবে সকলের।