Weather: সকাল থেকেই বর্ষার ব্যাটিং, বাংলায় টানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস

ভোরের আলো ফোটার আগেই কলকাতা ও সংলগ্ন এলাকা মেঘে ঢাকা, আর তার সাথে ঝরছে অঝোর ধারায় বৃষ্টি। প্রকৃতির এই রুদ্ররূপ কেবল শুরু, আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সপ্তাহজুড়ে রাজ্যজুড়ে চলবে একটানা দুর্যোগপূর্ণ আবহাওয়া। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ, উভয় অঞ্চলেই জারি হয়েছে চরম সতর্কতা। জুনের শেষ সপ্তাহে বাংলার আবহাওয়া কেমন হতে চলেছে, সেদিকেই এখন সবার নজর।
কলকাতায় আজ থেকেই বৃষ্টির দাপট
রবিবার থেকে দক্ষিণবঙ্গে আবারও সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ অঞ্চলটি শক্তি হারালেও মৌসুমী বায়ুর সক্রিয়তা অব্যাহত রয়েছে, যার ফলে আগামী কয়েকদিন রাজ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা শহরে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চলবে বিক্ষিপ্ত বৃষ্টি, যার সাথে থাকবে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। কোনো কোনো সময় এই গতিবেগ ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির তাণ্ডব
গত সপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে এবং তারপর থেকেই সূর্যের দেখা প্রায় নেই বললেই চলে। আকাশ জুড়ে মেঘের আনাগোনা, যখন তখন নামছে ঝেঁপে বৃষ্টি। আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ ও আগামিকাল, সোমবার, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
তবে মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টির দাপট। ওইদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ, নতুন সপ্তাহে টানা তিনদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির তাণ্ডব চলার সমূহ সম্ভাবনা।
উত্তরবঙ্গে লাল সতর্কতা: পাহাড় থেকে সমতল, ভিজবে সব
শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও জারি করা হয়েছে চরম সতর্কতা। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, মালদহে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি রয়েছে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাশি দুই দিনাজপুর ও মালদা জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা।
সব মিলিয়ে, আগামী কয়েকদিন বাংলার আকাশ মেঘে ঢাকা থাকবে, আর সাথে চলবে অবিরাম বৃষ্টি। সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে।