Air India-র কতগুলি বিমানে ত্রুটি? ভয়াবহ দুর্ঘটনার পর বড় সিদ্ধান্ত নিল কতৃপক্ষ

আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই বড় সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া। সংস্থার ওয়াইডবডি আন্তর্জাতিক বিমানের সংখ্যা ১৫ শতাংশ কমানোর ঘোষণা করা হয়েছে, যা আগামী ২০ জুন থেকেই কার্যকর হবে। নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য এই কঠোর পদক্ষেপ বলে জানিয়েছে সংস্থা। দুর্ঘটনার ভয়াবহতার পর এটি এয়ার ইন্ডিয়ার জন্য এক অভূতপূর্ব পদক্ষেপ, যা আন্তর্জাতিক বিমান পরিষেবা সাময়িকভাবে ব্যাহত করবে।

বিজনেস টুডের প্রতিবেদন অনুযায়ী, এই সিদ্ধান্তে যাত্রীদের সাময়িক অসুবিধা হলেও, এটিকে একটি ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছে এয়ার ইন্ডিয়া। সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, “যাত্রী, নিয়ন্ত্রক, বিমান পরিবহন মন্ত্রক এবং সমগ্র ভারতের অব্যাহত সহায়তায় এই মর্মান্তিক ঘটনা থেকে আমরা আরও শক্তিশালী হয়ে উঠব।”

তবে এই সিদ্ধান্ত শুধু আহমেদাবাদ দুর্ঘটনার প্রেক্ষিতেই নয়, এর পেছনে রয়েছে আরও কিছু কারণ। মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা, এবং ইউরোপ ও পূর্ব এশিয়ায় রাতের আকাশসীমা কারফিউ জারির কারণে গত ছয় দিনে এয়ার ইন্ডিয়ার ৮৩টি আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে। এই চাপানউতোরের মধ্যেই নতুন করে ১৫% বিমান কমানোর সিদ্ধান্ত সংস্থাটিকে আরও বেশি চ্যালেঞ্জের মুখে ফেলবে।

উল্লেখ্য, গত ১২ জুন আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এই ভয়াবহ দুর্ঘটনায় ২৪১ জন যাত্রী সহ প্রায় ২৭০ জন প্রাণ হারান। অলৌকিকভাবে বেঁচে যাওয়া একমাত্র যাত্রী ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রমেশ বিশ্বাস কুমার।

এই দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়া তাদের নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে পর্যালোচনা করছে। বর্তমানে, ৩৩টি বিমানের মধ্যে ২৬টি বিমান পরিচালনার জন্য অনুমোদিত হয়েছে। এর পাশাপাশি, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, বোয়িং ৭৭৭ মডেলের বিমানগুলিরও একই রকম পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে।

জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত এই কমানো বিমানের সংখ্যা বলবৎ থাকবে। যাত্রীদের ভোগান্তি এড়াতে এয়ার ইন্ডিয়া বিকল্প বিমানের ব্যবস্থা এবং বিনামূল্যে টিকিট ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে। তবে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক রুটে যাতায়াতকারী বহু যাত্রীর জন্য সাময়িক হলেও বড় ভোগান্তির কারণ হবে বলেই মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, এয়ার ইন্ডিয়া কবে নাগাদ এই সংকট কাটিয়ে উঠতে পারে।