প্রবল ঝড়-বৃষ্টি, দিল্লিতে ভেঙে পড়ল প্রায় ১০০ ফুট উঁচু মোবাইল টাওয়ার, দেখুন ভিডিও!

মুষলধারে বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় রাতভর ভিজল রাজধানী দিল্লি। আর এই প্রাকৃতিক দুর্যোগের মাঝেই এক ভয়াবহ দুর্ঘটনা ঘটল দিল্লির সফদরজং এনক্লেভে। প্রবল ঝড়ে ভেঙে পড়ল প্রায় ১০০ ফুট উঁচু একটি মোবাইল টাওয়ার। ভোর ৪টে নাগাদ মাটি থেকে উপড়ে পড়ে বিশাল এই টাওয়ারটি।

সৌভাগ্যবশত, ওই সময়ে রাস্তায় লোকজনের চলাচল না থাকায় কোনওরকম বড় দুর্ঘটনা ঘটেনি। টাওয়ারের জোরালো ধাক্কায় আশপাশের বেশ কিছু গাছ ভেঙে পড়েছে, তবে ভোরের দিকে রাস্তাঘাট খালি থাকায় বড়সড় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। নয়তো এই ধরনের ঘটনায় বহু মানুষের প্রাণহানির আশঙ্কা থাকত।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, দিল্লির বেশ কিছু এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দপ্তর এই ধরনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। যদিও, টাওয়ার ভেঙে পড়ার মতো ঘটনা অপ্রত্যাশিত। ভেঙে পড়া টাওয়ারটি সরানোর কাজ শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে। এই ঘটনা দিল্লির অন্যান্য মোবাইল টাওয়ারগুলির নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে।