নোংরা ট্রেনের কামরা দেওয়া হয়েছিল জওয়ানদের, খবর কানে যেতেই চার আধিকারিককে উচিত শিক্ষা দিলেন রেলমন্ত্রী!

অমরনাথ যাত্রার ডিউটিতে যাচ্ছিলেন বিএসএফ (BSF) জওয়ানরা। তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য রেলের তরফে যে ট্রেনটি পাঠানো হয়েছিল, তা ছিল অত্যন্ত নোংরা ও ব্যবহারের অযোগ্য। এই খবর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কানে পৌঁছাতেই তিনি দ্রুত কড়া পদক্ষেপ নিয়েছেন। এই ঘটনায় চারজন শীর্ষ রেল আধিকারিককে সাসপেন্ড করেছেন খোদ রেলমন্ত্রী।
রেলসূত্রে জানানো হয়েছে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, নিরাপত্তা বাহিনীর মর্যাদা সর্বাগ্রে। তাই এই ধরনের অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই সমগ্র বিষয়টি নিয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
এই ঘটনায় সাসপেন্ড হওয়া আধিকারিকদের মধ্যে রয়েছেন কোচিং ডিপো অফিসার এবং আলিপুরদুয়ার ডিভিশনের তিনজন সেকশন ইঞ্জিনিয়ার। কর্তব্যে গাফিলতির অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বস্তুত, অমরনাথ যাত্রার জন্য মোট ১২,০০০ জন জওয়ানকে মোতায়েন করা হয়েছে। তাদের গন্তব্যস্থলে পৌঁছতে ত্রিপুরার উদয়পুর ও আগরতলায় এই ট্রেন পাঠানো হয়েছিল। অভিযোগ, যে ট্রেনটি পাঠানো হয়েছিল, সেটি ছিল অত্যন্ত নোংরা এবং অব্যবস্থাপনায় পূর্ণ। এই নোংরা ট্রেনে উঠতে অস্বীকার করেন জওয়ানরা। পরবর্তীতে অবশ্য তাদের জন্য আরও একটি ট্রেন পাঠানো হয়।
এই ঘটনার খবর কেন্দ্রীয় রেলমন্ত্রীর কানে পৌঁছতেই তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং দ্রুত পদক্ষেপ করেন। জওয়ানদের প্রতি এমন অবহেলা যে কোনো মূল্যে মেনে নেওয়া হবে না, তার এই বার্তা রেলের প্রশাসনিক স্তরে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।