‘জাব উই মেট’র কারণে জেল হতো পরিচালক ইমতিয়াজের, জেনেনিন সেই ঘটনা?

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘জাব উই মেট’ বলিউড দর্শকদের কাছে আজও এক অবিস্মরণীয় প্রেমের গল্প। শাহিদ কাপুর ও কারিনা কাপুরের অনবদ্য রসায়ন আজও অনুরাগীদের মনে গেঁথে আছে। তবে, এই ছবির পেছনে যে পরিচালক ইমতিয়াজ আলি এক বড় আইনি জটিলতার মুখোমুখি হয়েছিলেন, তা হয়তো অনেকেই জানেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমতিয়াজ নিজেই ফাঁস করলেন সেই চাঞ্চল্যকর তথ্য, যেখানে তাকে প্রায় জেল খাটতে হয়েছিল!

ইমতিয়াজ আলি জানান, ‘জাব উই মেট’ ছবির একটি দৃশ্য রতলাম শহরে শুট করা হয়েছিল। কিন্তু স্থানীয়রা মোটেই পছন্দ করেননি যে, ছবিতে তাদের এই অঞ্চলকে পতিতালয় হিসেবে দেখানো হয়েছে। এই চিত্রায়ণ নিয়ে তীব্র আপত্তি জানানোর পর, রতলামের স্থানীয়রা ইমতিয়াজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। এমনকি তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।

এ প্রসঙ্গে ইমতিয়াজ বলেন, “রতলামে এমন দৃশ্য শুটিংয়ের কারণে প্রথমবার আমার বিরুদ্ধে আদালতের সমন জারি করা হয়। তারপর জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। চার্জশিটে বলা হয়েছিল, সুস্বাদু খাবারের জন্য পরিচিত এই শহরটি ছবিতে পতিতালয় হিসেবে দেখানোয় সেটার বদনাম হয়েছে। অভিযোগ অনুসারে, ছবিটি শহরের খ্যাতি ক্ষুণ্ন করেছিল।”

এই পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে, ইমতিয়াজ যখন তার পরবর্তী সফল প্রকল্প ‘লাভ আজ কাল’ (২০০৯) ছবির শুটিং শুরু করেন, তখনও এই ঝামেলা মেটেনি। সূত্রের খবর, সাইফ আলি খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘লাভ আজ কাল’-এর শুটিং বেশ কিছুদিন বন্ধও ছিল এই আইনি জটিলতার কারণে।

‘জাব উই মেট’ বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় রোম্যান্টিক কমেডিগুলির মধ্যে একটি। কিন্তু এই ছবির নেপথ্যে যে এমন গুরুতর আইনি বিতর্ক ছিল, তা এতদিন অজানাই ছিল অনেকের কাছে। ইমতিয়াজ আলির এই স্বীকারোক্তি আবারও প্রমাণ করল, চলচ্চিত্র নির্মাণে সামান্য ভুল বা বিতর্ক কীভাবে নির্মাতাদের জীবনে বড় ধরনের জটিলতা তৈরি করতে পারে।