বাংলাদেশে পাচারের আগে লক্ষাধিক টাকার মাদক উদ্ধার, গ্রেফতার ২ যুবক

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। এই ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে গঙ্গারামপুর থানার শিববাড়ি এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। পুলিশ বাইকে করে আসা দুই যুবককে তল্লাশি চালিয়ে প্রায় ১২ কিলো গাঁজা উদ্ধার করে। গ্রেফতার হওয়া যুবকদের নাম শঙ্কর ঘোষ (৩৩) ও বিজয় দাস (৩১)। দু’জনেরই বাড়ি গঙ্গারামপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ডের পূর্ব হালদারপাড়া এলাকায়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে, ধৃতরা দক্ষিণ দিনাজপুরের হামজাপুর থেকে বাইকে করে গঙ্গারামপুরের দিকে আসছিল এবং তাদের উদ্দেশ্য ছিল এই গাঁজা বাংলাদেশে পাচার করা। এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) দীপাঞ্জন ভট্টাচার্য জানান, “দুই যুবক বাইকে করে হামজাপুর থেকে গঙ্গারামপুর আসছিল। সেই সময় শিববাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে দুই যুবককে প্রচুর গাঁজাসহ গ্রেফতার করে গঙ্গারামপুর থানার পুলিশ।”

মঙ্গলবার ধৃতদের বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের সাতদিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এসডিপিও দীপাঞ্জন ভট্টাচার্য আরও বলেন, “কোথা থেকে তারা গাঁজা এনেছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল, সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।”

এই ঘটনার পর গঙ্গারামপুর এবং সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার চক্রের বিরুদ্ধে পুলিশের তৎপরতা আরও বাড়ানো হবে বলে ধারণা করা হচ্ছে।