“হ্যাজেলউড কখনোই ফাইনাল হারেন না”– ফের প্রমাণিত, জেনেনিন কি বলছে পরিসংখ্যান?

আইপিএল ২০২৫-এর ফাইনালে শেষ ওভারে ২২ রান হজম করেছেন। শেষ চার বলে হজম করেছেন ৩ ছক্কা এবং ১ চার। তবুও তাতে জশ হ্যাজেলউড (Josh Hazlewood) কিংবা তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) মানসিকতায় কোনো পরিবর্তন আসেনি। বরং, পুরো দল ছিল অনেকটাই হাসিমুখে। কারণ, তাদের প্রার্থনা ছিল—কোন নো কিংবা ওয়াইড বল যেন না হয়।
হ্যাজেলউড তার মাপা বোলিংয়ে সেই ভুল করেননি। মঙ্গলবারের আইপিএল ফাইনালে শেষ ওভারে ২২ রান দিলেও নিজের কাজটা ঠিকই করে ফেলেছেন ওভারের প্রথম দুই বলে দারুণ দুটো ডট বল করে। আরও বড় করে বললে, পুরো আসরে ২২ উইকেট নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রথমবার এনে দিলেন আইপিএল শিরোপা। তাতে অনেকের সঙ্গে নাম জড়িয়ে থাকল জশ হ্যাজেলউডের।
অবশ্য এই অজি পেসার জশ হ্যাজেলউডের জন্য ফাইনাল জেতা একেবারেই নতুন কোনো অভিজ্ঞতা নয়। বরং, ফাইনাল জেতাই এই অজি পেসারের অভ্যাস। পেশাদার ক্যারিয়ারে তিনি খেলেছেন ৯টি ফাইনাল এবং জিতেছেন এর সবকটিতেই! তাঁর এই বিজয়রথ শুরু হয়েছিল ২০১০ সাল থেকে। সেবার অস্ট্রেলিয়ার হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল জেতেন তিনি।
এরপর ২০১২ সালে সিডনি সিক্সার্সের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ টুর্নামেন্টের ফাইনাল। সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি দলগুলোর মাঝে সিডনিকে শ্রেষ্ঠত্ব এনে দিয়েছিলেন তিনি। পরের ফাইনাল ছিল ২০১৪ সালে, যেখানে জিতেছেন অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ড। খেলেছিলেন নিউ সাউথ ওয়েলসের জার্সিতে।
২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে। ঘরের মাঠে বিখ্যাত এমসিজিতে উঁচিয়ে ধরেছেন বিশ্বকাপের শিরোপা। এরপর ২০২০ সালে সিডনি সিক্সার্সের হয়েই জিতেছেন বিগ ব্যাশের ফাইনাল। আইপিএলের শিরোপায় প্রথমবার হাত রাখেন ২০২১ সালে। চেন্নাই সুপার কিংসের হয়ে ফাইনাল জেতেন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।
২০২১ সালে অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেন তিনি। প্রথমবার অজিদের ক্রিকেটের এই শর্টার ফরম্যাটের শিরোপা জয়ের পেছনে হ্যাজেলউডের মুখ্য ভূমিকা ছিল। ২০২৩ সালে ভারতের বিপক্ষে আহমেদাবাদে ছিলেন দুর্দান্ত। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতকে ২৪০ রানের মাঝে আটকে রাখার বড় কৃতিত্ব ছিল এই পেসারের।
আর সবশেষ ২০২৫ আইপিএলে আহমেদাবাদের সেই একই স্টেডিয়ামে আরও একবার নিজের দলকে জেতালেন শিরোপা। এবার খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে। আরসিবিকে তাদের প্রথম আইপিএল শিরোপা এনে দেওয়ার দিনে ৩৪ বছর বয়সী এই পেসার নিজের ফাইনাল জেতার অপরাজিত রেকর্ড (৯-০) অক্ষুণ্ণ রাখলেন। জশ হ্যাজেলউড প্রমাণ করলেন, বড় ম্যাচে চাপ সামলে দলকে জেতানো যেন তাঁর সহজাত দক্ষতা।