প্রথম শ্রেণি থেকেই সেনা প্রশিক্ষণ চালু করছে ভারতের যে রাজ্য, নেওয়া হলো উদ্যোগ

সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর কড়া জবাবের পর এবার দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, নিয়মানুবর্তিতা ও শারীরিক অনুশীলনের দীক্ষায় দীক্ষিত করতে বড় পদক্ষেপ নিয়েছে মহারাষ্ট্র সরকার। রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দাদা ভুসে ঘোষণা করেছেন যে, রাজ্যের স্কুলগুলিতে প্রথম শ্রেণি থেকেই বাধ্যতামূলকভাবে সেনা প্রশিক্ষণ দেওয়া হবে।
দেশের প্রথম রাজ্য হিসেবে মহারাষ্ট্র সরকারের এই উদ্যোগের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী দাদা ভুসে বলেন, “স্কুলে প্রথম শ্রেণি থেকেই পড়ুয়াদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলা ও তাদের শৃঙ্খলাপরায়ণ করতে পড়ুয়াদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এর জন্য দেশের অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকদের সাহায্য নেওয়া হবে। এই নিয়ম কার্যকর হলে পড়াশুনোর পাশাপাশি শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।” তিনি আরও জানান, এই পরিকল্পনা বাস্তবায়িত করার লক্ষ্যে ইতিমধ্যেই সরকার বেশ কয়েক কদম এগিয়ে গিয়েছে।
শিবসেনা নেতা তথা মন্ত্রী দাদা ভুসে বলেন, প্রাথমিক সামরিক প্রশিক্ষণে যাতে কোনো খামতি না থাকে তার জন্য ক্রীড়া শিক্ষক, এনসিসি, স্কাউটসের পাশাপাশি আড়াই লক্ষ প্রাক্তন সেনা কর্মীকে স্কুলে নিয়োগ করবে সরকার। ইতিমধ্যেই এই প্রস্তাব মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের কাছে পেশ করা হয়েছে বলে শিক্ষামন্ত্রী জানান। দাবি করা হচ্ছে, মুখ্যমন্ত্রী এই প্রকল্পে বেশ উৎসাহী এবং তিনিও চান যত দ্রুত সম্ভব রাজ্যের স্কুলগুলিতে বাধ্যতামূলকভাবে সামরিক প্রশিক্ষণ চালু করা হোক।
গত ৭ মে, ২০২৫ তারিখে ‘অপারেশন সিঁদুর’ নামে এক সামরিক অভিযানে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটিতে আঘাত হানে। এই অভিযানের পরই দেশের অভ্যন্তরে দেশপ্রেমের জোয়ার এসেছে এবং মহারাষ্ট্র সরকারের এই পদক্ষেপ সেই জোয়ারকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।