অগ্রিম বুকিংয়েই ঝড় তুলেছে ‘হাউজফুল ৫’, দুটি ক্লাইম্যাক্স নিয়ে আসছে নতুন চমক!

বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘হাউসফুল ৫’ মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলেছে। গতকাল (১ জুন, ২০২৫) অগ্রিম বুকিংয়ের ঘোষণা আসার পর থেকেই টিকিট বিক্রিতে ব্যাপক সাড়া পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মাত্র এক দিনের মধ্যেই সিনেমাটির ২৪ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে, যা অগ্রিম বুকিং থেকে মোট ৩.৮৮ কোটি টাকা আয় করেছে।

ভারতীয় নিউজ পোর্টাল ‘ই-টাইমস’ এর খবর অনুযায়ী, ‘হাউসফুল ৫’ সিনেমাটি প্রথম দিনেই ৭ হাজার ৫৯৮টি টিকিট বিক্রি করে ৯০.৮৮ লাখ টাকা অগ্রিম বুকিং করেছে। এই পরিসংখ্যানটি ব্লক বুকিং বাদে। ব্লক বুকিং থেকে আসা মোট আয় ২.৯৭ কোটি টাকা, যা এই সিরিজের জনপ্রিয়তার ইঙ্গিত বহন করে। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, মুক্তির আগেই সিনেমাটি অগ্রিম বুকিংয়ে অভাবনীয় সাড়া ফেলেছে।

‘হাউসফুল ৫’ এর অন্যতম প্রধান আকর্ষণ হলো এর অভিনব কৌশল। হিন্দি সিনেমার ইতিহাসে এটিই প্রথমবার যখন কোনো সিনেমার দুটি ক্লাইম্যাক্স মুক্তি পাবে। টিকিট বুকিংয়ের সময় দর্শকদের ‘হাউসফুল ৫ এ’ এবং ‘হাউসফুল ৫ বি’ দুটি অপশন দেওয়া হচ্ছে। নির্মাতারা মনে করছেন, একই সিনেমার দুটি ভিন্ন ক্লাইম্যাক্স দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে সাহায্য করবে এবং নতুন এক অভিজ্ঞতা দেবে।

তরুণ মানসুখানি পরিচালিত এবং সাজিদ খান প্রযোজিত এই সিনেমায় অক্ষয় কুমার ছাড়াও এক ঝাঁক তারকা অভিনয় করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, জ্যাকুলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, নরগিস ফাকরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকর, চিত্রাঙ্গদা সিং, ফরদিন খান, চাঙ্কি পাণ্ডে, জনি লিভার, শ্রেয়স তলেপড়ে, দিনো মোরিয়া, রঞ্জিত, সৌন্দর্য শর্মা, নিকিতিন ধীর এবং আকাশদীপ সাবের।

‘হাউসফুল ৫’ আগামী ৬ জুন, ২০২৫ মুক্তি পেতে চলেছে। ব্যাপক অগ্রিম বুকিং এবং দুটি ক্লাইম্যাক্সের চমক নিয়ে এই কমেডি ফ্র্যাঞ্চাইজিটি বক্স অফিসে কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।