বাংলাদেশে নতুন নোট প্রকাশ, ১০ টাকার নোটে বানান ভুল! শুরু তুমুল শোরগোল

গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে একের পর এক পরিবর্তনের ঢেউ লেগেছে। এর অংশ হিসেবে এবার নতুন ব্যাংক নোট প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বাদ দেওয়া হয়েছে। নতুন নোটগুলোর ডিজাইন নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে, বিশেষ করে ১০ টাকার নোটে থাকা একটি গ্রাফিতির ভুল বানান নিয়ে।

বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইনের ৬টি নোটের ছবি প্রকাশ করেছে, যার মধ্যে রয়েছে ৫০০, ২০০, ১০০ এবং ১০ টাকার নোট। এই নোটগুলোতে নতুন গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর রয়েছে। তবে, পুরোনো নোটগুলো বাতিল করা হয়নি, সেগুলো নতুন নোটের পাশাপাশি প্রচলিত থাকবে।

নতুন নোটের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই ডিজাইন নিয়ে দেশের একাংশ সরব হয়েছে। তবে সবচেয়ে বেশি বিতর্ক দেখা দিয়েছে নতুন ১০ টাকার ব্যাংক নোটের ক্ষেত্রে। গোলাপি রঙের এই নোটের সামনের দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি থাকলেও, নোটের পিছনের দিকে থাকা গণঅভ্যুত্থানের সময় আঁকা একটি গ্রাফিতি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।

এই গ্রাফিতিতে লেখা রয়েছে, “যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাড়াও তবে তুমি বাংলাদেশ”। লক্ষ্য করলে দেখা যাবে, এই গ্রাফিতিতে ‘দাঁড়াও’ বানানটি ভুল (‘দাড়াও’ লেখা) এবং লাইনের শেষে কোনো দাঁড়ি নেই।

বাংলাদেশের নতুন ১০ টাকার পিছনে থাকা গ্রাফিতিতে ভুল হয়েছে দাঁড়াও বানানে। লাইন শেষের পর নেই যতিচিহ্নও।

গণঅভ্যুত্থানের সময় এই গ্রাফিতিটিতে বানান বা যতিচিহ্নগত ভুল ছিল। কিন্তু সেই গ্রাফিতি যখন দেশের টাকায় ছাপানো হচ্ছে, তখন তার বানান কেন ঠিক করা হলো না, সেই নিয়ে বাংলাদেশি নেটিজেনদের একাংশ সরব হয়েছেন। একজন নেট নাগরিক লিখেছেন, “দেওয়ালে গ্রাফিতি আঁকা হয়েছিল, ব্যাকরণ লেখেনি কেউ।” আরেকজন মন্তব্য করেছেন, “গ্রাফিতি লেখার সময় চারপাশের কী অবস্থা ছিল সেটা বুঝতে হবে। চন্দ্রবিন্দু বা দাঁড়ি-কমা নিয়ে ভাবার সময় ছিল না।” আবার কেউ কেউ বলছেন, গ্রাফিতিতে ভুল থাকলেও টাকায় ছাপানোর সময় এই ভুলগুলো শুধরে নেওয়া উচিত ছিল। বাংলাদেশের নাগরিক শাহাদত জামান সৈকত টিভিনাইন বাংলাকে বলেছেন, “এইটা একটা জঘন্য ডিজাইনের টাকা।”

নতুন নোট থেকে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বাদ দেওয়ার সিদ্ধান্তটিও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সকল ব্যাংক নোটে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। তবে, গত আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর, অন্তর্বর্তীকালীন সরকার এই পরিবর্তন এনেছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোটগুলোতে কোনো মানুষের প্রতিকৃতি থাকবে না, বরং বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য এবং ঐতিহ্যবাহী স্থানগুলো তুলে ধরা হবে। এতে হিন্দু ও বৌদ্ধ মন্দির, শিল্পী জয়নুল আবেদিনের শিল্পকর্ম এবং জাতীয় শহীদ মিনারের ছবিও থাকছে।