প্রেমের সম্পর্ক ভাঙার ‘শাস্তি’, প্রেমিকাকে কুপিয়ে, পুড়িয়ে খুন করল প্রেমিক!

প্রেমের সম্পর্ক থেকে সরে আসার ‘অপরাধে’ এক হাড়হিম করা হত্যাকাণ্ডের সাক্ষী হলো রাজধানী দিল্লি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ১৮ বছর বয়সী এক ছাত্রীকে কুপিয়ে এবং পুড়িয়ে খুন করার অভিযোগ উঠেছে তার প্রেমিক অর্শকৃতের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং সে তরুণীকে হত্যার কথা স্বীকার করেছে। এই ঘটনায় গোটা দিল্লিতে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তরুণীর নাম মেহক জৈন, যিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওপেন লার্নিংয়ের ছাত্রী ছিলেন। অভিযুক্ত অর্শকৃত তার পূর্ব পরিচিত। ঘটনার দিন সকালে মেহক ক্লাসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। নির্দিষ্ট সময়ে বাড়ি না ফেরায় তার পরিবার চিন্তিত হয়ে খোঁজ শুরু করে। এক সময় ফোনে মেহক জবাব দিয়েছিলেন এবং দ্রুত বাড়ি ফিরবেন বলেও জানিয়েছিলেন। কিন্তু পরে পুলিশ তাদের মর্মান্তিক মৃত্যুর খবর জানায়।

তদন্ত সূত্রে জানা গিয়েছে, পরিবারের বারণের পর মেহক অর্শকৃতের সঙ্গে মেলামেশা বন্ধ করে দিয়েছিলেন। যা অর্শকৃতের একেবারেই পছন্দ হয়নি। এরপর সে নানাভাবে তরুণীকে বিরক্ত করতে শুরু করে। ঘটনার দিন অর্শকৃত মেহককে ফোন করে একটি পার্কে ডাকে। মেহক হয়তো ভাবতে পারেননি যে, পুরনো বন্ধু সম্পর্ক ভাঙার ‘অপরাধে’ তাকে এমন নৃশংসভাবে খুন করবে। বিশ্বাস করে তিনি পার্কের নির্জন জায়গায় যান।

সেখানেই অর্শকৃত ভয়ংকর রূপ ধারণ করে। ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপায় মেহককে। তার মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর দেহ লোপাট করার উদ্দেশ্যে মৃতদেহ পুড়িয়ে দেওয়ারও চেষ্টা করে। ঘটনার বেশ কয়েক ঘণ্টা পর পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মেহককে খুনের কথা স্বীকার করেছে।