JEE Advanced-এ দেশসেরা কাটোয়ার দেবদত্তা মাঝি, প্রশংসায় ভরালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পূর্ব বর্ধমানের কাটোয়ার মেয়ে দেবদত্তা মাঝি জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড (JEE Advanced) পরীক্ষায় সমগ্র দেশের মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করে বাংলার মুখ উজ্জ্বল করেছে। তার এই অসাধারণ সাফল্যে উচ্ছ্বসিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী লিখেছেন, “বর্ধমানের মেয়ে গোটা বাংলা এবং দেশের গর্ব।”

চলতি বছর JEE Advanced পরীক্ষায় ১ লক্ষ ৮০ হাজার ৪২২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন, যার মধ্যে ৫৪ হাজার ৩৭৮ জন পাশ করেছেন। উত্তীর্ণদের মধ্যে ছাত্রের সংখ্যা ৪৪ হাজার ৯৭৪ জন এবং ছাত্রীর সংখ্যা ৯ হাজার ৪০৪ জন। এই হাজার হাজার ছাত্রীর মধ্যে শীর্ষস্থানে রয়েছেন বাংলার দেবদত্তা মাঝি।

বাংলার মেয়ের এমন বড় সাফল্যে বেজায় খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার এক্স হ্যান্ডেলে দেবদত্তার প্রশংসায় লেখেন, “তুমি যা করেছ তাতে বাংলা তথা দেশের গর্ব বোধ হচ্ছে। এক কথায়, দেশের টপার গার্ল তুমি। ভবিষ্যতের জন্য তোমাকে শুভেচ্ছা। তোমার বাবা-মা, শিক্ষক-শিক্ষিকাদেরও অভিনন্দন।”

দেবদত্তা মাঝি ৩১২ নম্বর পেয়েছেন। তার এই সাফল্য শুধু এই ক্ষেত্রেই নয়, শিক্ষাজীবনের শুরু থেকেই সে বরাবরই মেধার দ্যুতি ছড়িয়েছে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষাতেই দেবদত্তা রাজ্যে স্থান পেয়েছিলেন। এছাড়াও, জয়েন্ট এন্ট্রান্স মেনস-এর দ্বিতীয় পর্বে সে ১০০-এ ১০০ এনটিএ স্কোর করে রাজ্যের মধ্যে সেরা হয়েছিল। এবার JEE Advanced-এও বাজিমাত করে সে নিজের মেধার প্রমাণ দিল। মেয়ের এমন সাফল্যে উচ্ছ্বসিত গোটা পরিবার এবং গর্বিত পশ্চিমবঙ্গ।