শিক্ষকের ঘাটতি! ক্লাস নেবে কে? ছাত্র ভর্তি নেওয়াই বন্ধ করল স্কুল

শিক্ষক সংকটে ধুঁকছে আসানসোলের ঐতিহ্যবাহী বরাকর শ্রী মারোয়ারি উচ্চ মাধ্যমিক স্কুল। ৩০ জন শিক্ষকের অনুমোদন থাকলেও বর্তমানে স্কুলে রয়েছেন মাত্র ১২ জন। এর উপর সুপ্রিম কোর্টের রায়ে আরও দুই শিক্ষকের চাকরি হারানোর ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। শিক্ষকের এমন মারাত্মক ঘাটতির কারণে স্কুল কর্তৃপক্ষ এই শিক্ষাবর্ষে অর্থাৎ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নতুন করে কোনো পড়ুয়াকে ভর্তি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্কুলের ৭৫ বছরের ইতিহাসে এমন ঘটনা বিরল।

স্কুলের টিচার ইনচার্জ দীপিকা রায় জানিয়েছেন, বর্তমানে ১২ জন শিক্ষকের মধ্যে দু’জনের চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে চলে গিয়েছে। যদিও তারা ডিসেম্বর মাস পর্যন্ত স্কুলে আসতে পারবেন, কিন্তু একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়াতেন এমন দু’জন শিক্ষকই এই তালিকায় রয়েছেন – একজন পদার্থবিদ্যার এবং অন্যজন ইংরেজির। নতুন করে কোনো শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হয়নি এবং অনেকেই অবসর নিয়েছেন বা বদলি হয়েছেন। এই পরিস্থিতিতে শিক্ষক ঘাটতি চরম আকার ধারণ করেছে। দীপিকা রায় বলেন, “শিক্ষক নেই বলেই একাদশ শ্রেণিতে এবার ভর্তি নেওয়া সম্ভব হচ্ছে না।” বিষয়টি জেলা স্কুল দফতরকেও জানানো হয়েছে বলে তিনি জানান।

স্কুলের এই হঠাৎ সিদ্ধান্তে অভিভাবকরা গভীর সমস্যায় পড়েছেন। তাদের সন্তানদের অন্য স্কুলে ভর্তি করার চেষ্টা করতে হচ্ছে, কিন্তু সেখানেও আসন সংখ্যার সমস্যা। এক অভিভাবক বলেন, “হঠাৎ করে এমন সিদ্ধান্তে আমাদের সন্তানরা সমস্যার মধ্যে পড়েছে। এখন নতুন স্কুলে ভর্তি হওয়ার চেষ্টা করতে হবে, কিন্তু সেখানেও আসন নেই।”

কুলটির বিজেপি বিধায়ক এবং চিকিৎসক অজয় পোদ্দার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমার বাবা এই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন। সেই স্কুলের আজ এই অবস্থা! বিধানসভায় এই প্রসঙ্গ তুলব আমি।”

জেলা স্কুল শিক্ষা পরিদর্শক সৌমেন লাহা এই পরিস্থিতি নিয়ে রিজিওনাল কাউন্সেলিংয়ের সঙ্গে কথা বলে একাদশ ও দ্বাদশ শ্রেণি কীভাবে চালু রাখা যায় তা জানার চেষ্টা করছেন। তিনি জানান, অস্থায়ী শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে।

বরাকর শ্রী মারোয়ারি উচ্চ মাধ্যমিক স্কুলের এই পরিস্থিতি রাজ্যের শিক্ষা ব্যবস্থার এক করুণ চিত্র তুলে ধরছে, যেখানে শিক্ষক সংকটের কারণে শিক্ষার অধিকারই প্রশ্নের মুখে পড়ছে। এই সমস্যার দ্রুত সমাধান না হলে বহু শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।