বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শিক্ষিকার সঙ্গে দিনের পর দিন সহবাস! পুলিশের হাতে গ্রেফতার শিক্ষক

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক শিক্ষিকার সঙ্গে লাগাতার সহবাস এবং প্রতারণার অভিযোগে অশোকনগর থানা এলাকায় এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ধৃত শিক্ষকের নাম শ্রীজিৎ দে (৪১), তার বাড়ি কাঁচরাপাড়ায়। কর্মসূত্রে তিনি অশোকনগরের গুমার একটি বাড়িতে ভাড়া থাকতেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ট্রেনের মাধ্যমে যাতায়াতের সূত্রেই দেগঙ্গার এক শিক্ষিকার সঙ্গে শ্রীজিৎ দে’র প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক গভীর হলে বিবাহবিচ্ছিন্না ওই শিক্ষিকাকে বিয়ের প্রতিশ্রুতি দেন শ্রীজিৎ এবং তাদের মধ্যে একাধিকবার সহবাস হয় বলে অভিযোগ। সম্প্রতি শিক্ষিকা জানতে পারেন যে শ্রীজিৎ দে’র এর আগে দুটি বিয়ে হয়েছে। এরপরই তিনি সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। তবে অভিযোগ, শ্রীজিৎ তাকে চাপ দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেন, যা নিয়ে রবিবার তাদের মধ্যে বিবাদ চরমে ওঠে।
রবিবার রাতেই ভুক্তভোগী শিক্ষিকা অশোকনগর থানায় শ্রীজিৎ দে’র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে।
সোমবার ধৃত শ্রীজিৎ দে-কে বারাসত আদালতে পেশ করার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। শ্রীজিৎ দাবি করেন, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমার থেকে উনি অনেক টাকা নিয়েছে। পরে আরও টাকা চেয়েছিল। আমি দিতে পারিনি বলেই মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।”
এই ঘটনায় একদিকে যেমন একজন শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে, তেমনই ধৃতের পাল্টা দাবিতে বিষয়টি আরও জটিল আকার ধারণ করেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং আসল সত্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে। এই মামলার পরবর্তী শুনানি এবং তদন্তের ফলাফলের দিকে সকলের নজর রয়েছে।