ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে এবার বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, বিস্তারিত জেনেনিন

কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে এবং ওবিসি সংরক্ষণ নীতিতে স্বচ্ছতা আনতে রাজ্য সরকার এক বড় পদক্ষেপ নিয়েছে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণে নতুন বিধি তৈরি এবং তালিকা সংশোধনের বিষয়ে আলোচনা হয়। জানা গেছে, ওবিসি সংরক্ষণ তালিকায় পূর্বে থাকা ৬৬টি জাতির মধ্যে থেকে দুটি বাদ দিয়ে ৬৪টি রাখা হয়েছে এবং নতুন করে আরও ৭৬টি জাতি যুক্ত করা হয়েছে। এর ফলে মোট জাতির সংখ্যা দাঁড়িয়েছে ১৪০-এ।

গত বছরের মে মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ ২০১০ সাল থেকে ৭৭টি সম্প্রদায়কে দেওয়া ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দেয়। ওবিসি তালিকায় ‘গলদ’ থাকার কথা জানিয়ে প্রায় ১২ লক্ষ শংসাপত্র বাতিল করা হয়েছিল। এই নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে।

চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছিলেন যে, রাজ্যে কারা ওবিসি সম্প্রদায়ভুক্ত হবেন তা নিশ্চিত করতে নতুন করে সমীক্ষা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস (West Bengal Commission for Backward Classes) নতুন করে ওবিসি শংসাপত্রের ভিত্তি খতিয়ে দেখছে এবং এর জন্য ৩ মাস সময় লাগবে। রাজ্যের আবেদন মেনে সুপ্রিম কোর্ট জুলাই মাসে পরবর্তী শুনানির নির্দেশ দেয়।

এদিকে, কলকাতা হাইকোর্টে নতুন করে সমীক্ষা শুরুর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একটি মামলা দায়ের হয়েছিল। হাইকোর্টে ওবিসি সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি আগামী ১৯ জুন নির্ধারিত রয়েছে। আদালত ‘রাজ্য ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন’-কে হলফনামায় জানাতে নির্দেশ দিয়েছে যে, কী পদ্ধতিতে সমীক্ষা করে নতুন ওবিসি তালিকা তৈরি করা হবে। আদালত আরও নির্দেশ দিয়েছিল যে, কমিশনকে অবিলম্বে বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞপ্তি জারি করার পাশাপাশি সংশ্লিষ্ট সব বিডিওদেরও নির্দেশ দিতে হবে, যার ভিত্তিতে সমীক্ষার জন্য নতুন নতুন সম্প্রদায়ের থেকে আবেদন গ্রহণ করা হবে। এই মামলায় ‘ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস বিভাগকে’-ও যুক্ত করার নির্দেশ দিয়েছিল আদালত।

প্রশাসনিক সূত্রে খবর, এই সমীক্ষার কাজ কার্যত সেরে ফেলা হয়েছে এবং এর ভিত্তিতেই নতুন বিধি তৈরি করা হয়েছে।

হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়েই রাজ্য সরকার ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করেছে। চাকরি ও নিয়োগের পরীক্ষায় ওবিসি সংরক্ষণ চূড়ান্ত করার জন্য রাজ্য সরকার সোমবারের মন্ত্রিসভার বৈঠকে এর খসড়া পেশ করে, যা অনুমোদিত হয়েছে। সূত্রের খবর, বিধানসভার আসন্ন অধিবেশনে এই ওবিসি সংরক্ষণ নীতির খসড়া পেশ করা হবে। এর ফলে রাজ্য সরকারের দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন দপ্তরের শূন্য পদের নিয়োগের বিষয়েও একটা ছাড়পত্র মিলবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।