‘এক্ষুনি হনুমান চালিসা পড়’ উত্তেজনার আবহে হাসির ঝলক! পাকিস্তানি দর্শককে দেখেই কী কী গোলা ছুড়লেন কৌতুকশিল্পী?

কাশ্মীরের পহেলগাঁওয়ের ছায়া আর ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর আবহে যখন ভারত-পাক সম্পর্ক রীতিমতো অগ্নিগর্ভ, ঠিক তখনই আমেরিকার মঞ্চে কৌতুকশিল্পী গৌরব গুপ্তার একটি শো যেন এক পশলা ঠান্ডা হাওয়া। রাজনীতির তপ্ত বাতাবরণ সরিয়ে, হাসির ফোয়ারা ছুটল দর্শকদের মধ্যে।

জনপ্রিয় এই কৌতুকশিল্পী গত মাস থেকে পশ্চিম আমেরিকা চষে বেড়াচ্ছেন। রবিবার নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন গৌরব – তাঁর লাইভ শো-এর এক টুকরো ঝলক। সেখানে এক পাকিস্তানি দর্শকের উপস্থিতি মঞ্চে তৈরি করে এক তীব্র, বুদ্ধিদীপ্ত এবং অবশ্যই হাসির বিস্ফোরণ!

 

View this post on Instagram

 

A post shared by Gaurav Gupta (@gaurav_comic)

ভিডিওতে দেখা যায়, দর্শকাসনে একজন পাকিস্তানের মানুষ আছেন জানতে পেরেই গৌরব সামান্য থমকান। আর সঙ্গে সঙ্গেই দর্শকদের চিৎকার – “সিন্দুর!”… ভারতীয় মিলিটারি রেসপন্সের নাম শুনে যেন গর্জে ওঠে গোটা হল। তবে গৌরব ঠান্ডা মাথায়, যেন হালকা ধমকের সুরে বলেন, “অ্যাই ভদ্রভাবে চুপ করে বসো!”… এরপর সেই পাকিস্তানি দর্শকের উদ্দেশ্যে একের পর এক হাসির বোমা ফাটান তিনি – “দাদা, অনেক সাহস আপনাদের! ভাবলেন শিল্পীরা তো ব্যান, কিন্তু দর্শকরা তো এখনও ঢুকছে!”

তবে এখানেই শেষ নয়। খানিকটা কটাক্ষ, খানিকটা রঙ্গ মেশানো ঠাট্টার ঢেউ তোলেন গৌরব – “চলো, চলো এখুনি হনুমান চালিসা পড়ো!” – শিল্পীর কথার অন্তর্নিহিত বার্তা বুঝতে ভুল হয়নি দর্শকদের, তাই হাসির রোল ওঠে চারিদিকে।

গৌরব সেই পাকিস্তানি দর্শককে আরও বলেন, “তুমি তো হিন্দি ঠাট্টা বুঝতে পারো না! তবুও আশা করো? এত বছর ধরে বলছি—’নেহি মিলেগা, নেহি মিলে গা’, তাও আবার চলে আসো!” সরাসরি কাশ্মীর প্রসঙ্গ না ছুঁয়েও, হালকা স্পর্শে যেন বার্তা দিলেন তিনি। এই মজার মুহূর্তটি রাজনৈতিক প্রেক্ষাপটের বাইরেও উপমহাদেশীয় রসবোধের এক দারুণ উদাহরণ হয়ে উঠল।

নেটিজেনদের প্রশংসার বন্যা। কেউ লিখেছেন – “রোস্ট করতে গিয়ে দ্বিধায় ছিলেন ঠিকই, কিন্তু যে ভঙ্গিতে সঙ্গে নিলেন, সেটাই মাস্টারস্ট্রোক!” আরেকজনের মন্তব্য – “এটা একেবারে ‘চূড়ান্ত’ ভাই, রাজনীতি বাদে এমন ঠাট্টা আজকাল কই দেখাই যায়?”

সব মিলিয়ে, যখন দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী, তখন গৌরব গুপ্তার এই শো যেন প্রমাণ করল – রাজনীতি যতই বিভেদ তৈরি করুক, হাসি কোনও সীমান্ত চেনে না!