বলিউডে শুধু ৩ ‘খান’-কে নিয়ে কেন এতো মাতামাতি? জবাবে আমির যা বললেন…?

গত তিন দশকেরও বেশি সময় ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে শাহরুখ খান, সলমন খান এবং আমির খানের ছবি একচেটিয়া আধিপত্য বিস্তার করে চলেছে। প্রায় প্রতি বছরই, এই তিন ‘খান’-এর কোনো না কোনো ছবি বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে। তাঁদের বিশাল অনুরাগী সংখ্যা এতটাই বেশি যে, যখনই তাঁদের কোনো নতুন ছবির ঘোষণা হয়, তখনই ভক্তদের মধ্যে উন্মাদনা চরমে ওঠে। সম্প্রতি, অভিনেতা আমির খান এই বিষয়ে নিজের অকপট মন্তব্য জানিয়েছেন।

‘শুধুই ৩ খান কেন?’ – আমিরের প্রশ্ন
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে পরিচিত আমির খান তাঁর স্পষ্টবাদী মন্তব্যের জন্য পরিচিত। রাজ শামানির পডকাস্টে তিনি বলিউডের এই তিন ‘খান’কে নিয়ে চলমান চর্চা প্রসঙ্গে কথা বলেছেন। যখন তাঁকে জিজ্ঞাসা করা হয় যে, ইন্ডাস্ট্রিতে এত অভিনেতা থাকতে কেন মানুষ কেবল শাহরুখ, সলমন এবং তাঁকে (আমির) নিয়েই কথা বলে, তখন আমির খান বলেন, “আমায় যে জিনিসটি কষ্ট দেয় তা হল মানুষ শাহরুখ, সলমন এবং আমার নাম নেয়। এটা ভুল নয়, তবে আমার খারাপ লাগছে কারণ আমাদের সঙ্গে, অজয় দেবগন, অক্ষয় কুমার, হৃত্বিক রোশনও একই সংখ্যক বছর ধরে টিকে আছেন। আমরা অনেকেই ৩০ বছর ধরে কাজ করছি। যা স্বাভাবিক নয়। সবাই বড় বড় হিট ছবি দিয়েছে, সবাই সফল।”

আমির আরও বলেন, “এটা ঠিক যে আমাদের ছবিগুলো বেশি ব্যবসা করেছে, রেকর্ড করেছে। আমাদের তিনজনের মধ্যে সবসময়ই প্রতিযোগিতা ছিল যে কে এগিয়ে আসবে। কিন্তু আমার কাছে এটা কোনো প্রতিযোগিতা নয়, কারণ আমাদের কাজ মানুষের হৃদয় ছুঁয়েছে।”

কাজ ভালো লাগলে প্রশংসা করতে দ্বিধা নেই: আমির
নিজের সহকর্মীদের কাজের প্রতি তাঁর মনোভাব প্রসঙ্গে অভিনেতা যোগ করেন, “আমি যখন শাহরুখের কাজ দেখি, তখন আমার ভালো লাগে, আমিও হাসি। এই নিয়ে আমি অভিযোগ কেন করব, সে ভালো কাজ করছে। আমি সলমন সম্পর্কেও একই কথা বলি। সঞ্জয় দত্তের ‘মুন্না ভাই’ দেখেছি এবং খুব মুগ্ধ হয়েছি। তিনি এত ভালো কাজ করেছেন। আমি ভালো কাজে আগ্রহী। আমি সবসময় কাজের প্রশংসা করি। যে কাজ পছন্দ করি তার সঙ্গে যুক্ত হই। আমি কখনও পিছপা হই না।”

প্রসঙ্গত, সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনেও নতুন মোড় এনেছেন আমির খান। তাঁর দীর্ঘদিনের বান্ধবী গৌরী স্প্র্যাটের সঙ্গে তিনি বলিউড বাদশাহ ও ভাইজানের (সলমন) পরিচয় করিয়ে দিয়েছেন। আমিরের জন্মদিনের পার্টিতে সলমন ও শাহরুখকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। বি-টাউনে জোর গুঞ্জন চলছে যে, সব ঠিক থাকলে খুব শীঘ্রই গৌরী ও আমির বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন।