বিএসএফ ক্যাম্পে ভুয়ো চিঠি নিয়ে প্রবেশ, মুর্শিদাবাদের দুই যুবক ঝাড়খণ্ডে গ্রেফতার

জালিয়াতির মাধ্যমে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ক্যাম্পে প্রশিক্ষণে যোগ দিতে গিয়েছিলেন মুর্শিদাবাদের দুই যুবক। কিন্তু প্রশিক্ষণে যোগ দেওয়ার আগেই ঝাড়খণ্ড পুলিশ তাদের গ্রেফতার করেছে। রবিবার ঘটনাটি ঘটেছে হাজারিবাগের মেরুতে অবস্থিত বিএসএফ ট্রেনিং সেন্টার ও স্কুলে।
প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, ধৃতরা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। বিএসএফে যোগ দিতেই তারা এমন প্রতারণার আশ্রয় নিয়েছিল। হাজারিবাগ মুফাসসিল থানার পুলিশ এই দুই যুবক ছাড়া এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে।
বিএসএফ আধিকারিকদের সন্দেহ:
জানা গেছে, এদিন সকালে রবি বেসরা এবং ভোলু সোরেন নামে ওই দুই যুবক ট্রেনিং সেন্টারে আসে। তাদের কাছে বিএসএফের নিয়োগপত্র দেখতে চাইলে তারা তা জমা দেয়। তবে চিঠি দুটি দেখে বিএসএফ আধিকারিকদের সন্দেহ হয়। তাঁরা দ্রুত সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠান এবং সেখানেই জানা যায় চিঠি দুটি ভুয়ো। এরপর স্থানীয় থানায় খবর দেওয়া হয়।
গ্রেফতার দুই অভিযুক্ত:
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের জিজ্ঞাসাবাদ করলে আসল সত্য সামনে আসে। এরপর অভিযুক্তদের গ্রেফতার করা হয়। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ধৃতদের আগামীকাল আদালতে পেশ করা হবে। এই ঘটনা বিএসএফ নিয়োগ প্রক্রিয়ার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।