জমাইষষ্ঠীর সকালেই ভয়াবহ ঘটনা! সোজা মাংসের দোকানে ঢুকে গেল চারচাকা, অতঃপর…

জামাই ষষ্ঠীর সকালে মিষ্টির দোকান থেকে মাংসের দোকান – সর্বত্রই লম্বা লাইন। এই উৎসবের আবহের মধ্যেই হাবড়া থানা এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। সাতসকালেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট গাড়ি ঢুকে পড়ল মাংসের দোকানে, যার ফলে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে হাবড়া থানার দুই নম্বর গেট সংলগ্ন একটি মাংসের দোকানে। স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুতগতিতে আসা চারচাকা গাড়িটি দুই নম্বর গেট থেকে প্রফুল্ল নগরের দিকে যাচ্ছিল। হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা লম্বা লাইনে ধাক্কা মারে। চোখের পলকে রাস্তা রক্তে ভিজে ওঠে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারাই দ্রুততার সাথে গুরুতর আহত ৫ জনকে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে একজনের অবস্থা এতটাই আশঙ্কাজনক যে তাকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘাতক গাড়ির চালককে আটক করে। একইসাথে দুর্ঘটনাকবলিত গাড়িটিকেও আটক করেছে পুলিশ।

জামাই ষষ্ঠীর দিনে এমন অপ্রত্যাশিত দুর্ঘটনায় উৎসবের আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন স্থানীয়রা।