ফের বাড়ছে করোনার চোখরাঙানি! দেশজুড়ে আক্রান্ত ৩৩৯৫ জন

যেন এক ঘুমন্ত দৈত্যের জেগে ওঠা। দেশে ফের বাড়ছে করোনার দাপট। দু’হাজারের গন্ডি পেরিয়ে সংক্রমণের সংখ্যা ছুঁয়েছে তিন হাজারের মাত্রা। এই অপ্রত্যাশিত বৃদ্ধিতে নতুন করে বাড়ছে উদ্বেগ। বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৩৯৫।
স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮৫ জন। একই সময়ে প্রাণ হারিয়েছেন আরও চারজন। সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল, যেখানে আক্রান্তের সংখ্যা ১৩৩৬। মহারাষ্ট্র (৪৬৭), গুজরাট (২৬৫) এবং কর্ণাটকেও (২৩৪) বাড়ছে আক্রান্তের সংখ্যা। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও, এখানেও ২০৫ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট এলএফ.১, জেএন.১ ও এনবি.১.৮.১ – এই তিনটি রূপের কারণেই মূলত সংক্রমণ ছড়াচ্ছে। তবে তাঁদের মতে, এবারের করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার তেমন কোনও কারণ নেই। আক্রান্তদের অধিকাংশই বাড়িতেই সুস্থ হয়ে উঠছেন। কিন্তু কোনও রকম উপসর্গ দেখা গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
করোনার এই নতুন ঢেউ কি ফের পুরনো দিনের সেই ভয়াবহতাকে ফিরিয়ে আনবে? নাকি এই বৃদ্ধি সাময়িক? উত্তর পেতে আরও কিছুদিন পরিস্থিতির উপর নজর রাখতে হবে। তবে সতর্কতা অবলম্বন করাই বুদ্ধিমানের কাজ, এমনটাই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।