হাতে কাটা মুণ্ডু, ঝরছে কাঁচা রক্ত, হেঁটেই চলেছেন যুবক! সাত সকালে হাড়হিম করা দৃশ্য বাসন্তীতে

সাতসকালে হাতে এক মহিলার কাটা মুণ্ডু নিয়ে নির্দ্বিধায় হেঁটে চলেছেন এক যুবক। ঝরছে টাটকা রক্ত। এমনই হাড়হিম করা দৃশ্য দেখে শিউরে উঠলেন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভরতগড়ের বাসিন্দারা। শনিবার সকালে এই ঘটনায় স্তম্ভিত এলাকার মানুষ।
৬ নম্বর ভরতগড়ের রাস্তা দিয়ে যখন ওই যুবক হেঁটে যাচ্ছিলেন, তখন তাঁকে দেখে থমকে দাঁড়ান পথচারীরা। কিন্তু তাতেও তাঁর কোনও হেলদোল ছিল না। সম্পূর্ণ নির্বিকারভাবে তিনি সোজা বাসন্তী থানার দিকে হেঁটে যান। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
প্রাথমিকভাবে জানা গেছে, যুবকের হাতে থাকা মুণ্ডুটি সম্পর্কে তাঁর বৌদির। অভিযুক্তের নাম-পরিচয় এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ধারালো কিছু দিয়ে কুপিয়ে ওই মহিলাকে খুন করার পর দেহ থেকে মুণ্ডু আলাদা করে ফেলেন যুবক। এরপর সেই রক্তাক্ত মাথা নিয়েই তিনি থানায় চলে যান। কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এই ঘটনা গত বছর পূর্ব মেদিনীপুরের পটাশপুরের একটি নৃশংস ঘটনার স্মৃতি উস্কে দিয়েছে। সেখানেও এক ব্যক্তি তাঁর স্ত্রীকে কুপিয়ে খুন করে, দেহ থেকে মাথা আলাদা করে রাস্তায় হেঁটেছিলেন এবং পুলিশের জন্য অপেক্ষা করেছিলেন। এছাড়া, কলকাতার নাদিয়ালের ঘটনাও মনে করিয়ে দিচ্ছে বাসন্তীর এই বর্বরতা। কয়েক বছর আগে নাদিয়ালেও এক যুবককে তাঁর বোনের কাটা মুণ্ডু হাতে হেঁটে যেতে দেখা গিয়েছিল। পরে জানা যায়, তথাকথিত ‘অনার কিলিং’-এর শিকার হয়েছিলেন ওই তরুণী।