কিভাবে শুরু হয়েছিল জামাইষষ্ঠী পালন? জানেন সঙ্গে জড়িয়ে মা ষষ্ঠীর বাহনও? জেনেনিন পৌরাণিক কাহিনী

বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হলো জামাইষষ্ঠী, যা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয়। এই বছর ১ জুন, ২০২৫, রবিবার বাঙালির ঘরে ঘরে পালিত হবে এই ঐতিহ্যবাহী উৎসব। অনেক অঞ্চলে জামাইষষ্ঠী ‘অরণ্য ষষ্ঠী’ নামেও পরিচিত।

জামাইষষ্ঠী বাঙালির কাছে কেবল একটি উৎসব নয়, এটি দুই পরিবারের মেলবন্ধনের এক বিশেষ দিন। এই দিনে শাশুড়িরা তাদের জামাইদের বরণ করার জন্য নানা রকম পদের রান্না করেন। জামাইদের বরণ করার সময় ফল, করমচা এবং আরও নানা রকম জিনিস দিয়ে ডালা সাজিয়ে তাদের ধান-দুর্বা দিয়ে আশীর্বাদ করা হয় এবং প্রদীপ দিয়ে আরতিও করা হয়। জামাইরাও এই দিনে শ্বশুরবাড়ি যান হাত ভর্তি উপহার নিয়ে, শ্বশুর-শাশুড়ি এবং শ্বশুরবাড়ির সকলের জন্য কিছু না কিছু উপহার থাকে তাদের সঙ্গে। পান দিয়ে বরণ করা, কুলো দিয়ে বাতাস করার মতো নানা রকম ঐতিহ্যবাহী অনুষ্ঠান এই পার্বণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জামাইষষ্ঠী আসলে শুধু ঐতিহ্য পালন নয়, এটি দুই পরিবারের পারস্পরিক বন্ধনকেও দৃঢ় করে।

এই জামাইষষ্ঠী কিভাবে শুরু হয়েছিল তার পেছনে রয়েছে এক পুরোনো কাহিনি। পুরাণ অনুসারে, এক মহিলা প্রতিদিন তার বাড়িতে যা রান্না হতো, তা লুকিয়ে খেয়ে ফেলতেন এবং প্রতিদিন বিড়ালের নামে মিথ্যা অপবাদ দিতেন যে বিড়াল খাবার চুরি করে খেয়েছে। বিড়াল হলো মা ষষ্ঠীর বাহন। বিড়ালের উপর মিথ্যা অপবাদ দেওয়ায় মা ষষ্ঠী ক্রুদ্ধ হন এবং তার অভিশাপে ওই মহিলার যত সন্তান হয়, সবাই একে একে জন্মের পর মারা যায়।

নিজের ভুল বুঝতে পেরে ওই মহিলা মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করেন এবং নিয়ম নিষ্ঠা সহকারে তাঁর পূজা করে মাকে প্রসন্ন করেন। এরপর মা ষষ্ঠীর কৃপায় তিনি তাঁর মৃত সন্তানদের জীবন ফিরে পান। কিন্তু এই মহিলার শাশুড়ী সমস্ত ঘটনা জানতে পেরে তার বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দেন। এদিকে, মেয়ের বাবা-মা অনেকদিন মেয়েকে দেখতে না পেয়ে অস্থির হয়ে ওঠেন। জৈষ্ঠ শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে তাঁরা মেয়ে-জামাইকে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে ভোজনের ব্যবস্থা করেন এবং সেই সঙ্গে মেয়েকে দেখার শখও তাঁদের পূরণ হয়। সেই দিন থেকেই জামাইষষ্ঠী পালিত হয়ে আসছে বলে লোকবিশ্বাস।

জামাইষষ্ঠীর তিথি ও সময়
এ বছর জামাইষষ্ঠী পড়েছে আগামী ১ জুন, রবিবার (১৭ জ্যৈষ্ঠ)। ষষ্ঠী তিথি শুরু হচ্ছে ৩১ মে রাত ১২টা ৩৪ মিনিটে এবং শেষ হবে ১ জুন রাত ১২টা ৮ মিনিটে। এই তিথি মেনেই আগামী ১ জুন পালিত হবে জামাইষষ্ঠী।